ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় অন্যতম বৃহৎ অনুদান দিয়ে ব্যাপকভাবে সক্রিয় ছিলেন ধনকুবের ইলন মাস্ক। এবার ট্রাম্প প্রশাসনে নতুন দায়িত্ব পেতে যাচ্ছেন টেসলার সিইও। গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি নামক নতুন এক দপ্তরের দায়িত্ব সামলাবেন মাস্ক। তার সঙ্গে থাকবেন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী বিবেক রামাস্বামী। খবর বিবিসি।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইলন মাস্ক এবং বিবেক রামাস্বামী হোয়াইট হাউসকে সরকারি দক্ষতা বাড়ানোর বিষয়ে পরামর্শ দেয়ার জন্য একটি বাহ্যিক দপ্তর পরিচালনা করবেন। মাস্ক ও রামাস্বামী সরকারের বাইরে থেকে হোয়াইট হাউসকে পরামর্শ এবং দিকনির্দেশনা প্রদান করবেন।

ট্রাম্প তার বিবৃতিতে বলেন, তারা (মাস্ক ও রামাস্বামী) তার প্রশাসনের জন্য সরকারি আমলাতন্ত্রকে ভেঙে ফেলা, অপ্রয়োজনীয় বিধিনিষেধ কাটছাঁট করা, অযৌক্তিক ব্যয় হ্রাস করা এবং ফেডারেল সংস্থাগুলোর পুনর্গঠন করার পথ তৈরি করবেন।

ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সির সংক্ষিপ্ত রূপ, ডিওজিই বা ডোজ। এর সঙ্গে ক্রিপ্টোকারেন্সি ডোজকয়েনের নামের মিলের ইঙ্গিত রয়েছে।

ট্রাম্প তার বিবৃতিতে আরো জানান, অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের সঙ্গে অংশীদারত্ব করবে ডোজ, যাতে বড় আকারের কাঠামোগত সংস্কার চালানো যায় এবং এক ধরনের উদ্যোক্তা মানসিকতা তৈরি করা সম্ভব হয়, যা আগে কখনো দেখা যায়নি।

দপ্তরটি কীভাবে পরিচালিত হবে তা এখনো স্পষ্ট নয়। এটি সম্ভবত যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাডভাইসরি কমিটি অ্যাক্টের আওতায় আসতে পারে। সরকারের বাহ্যিক উপদেষ্টা কমিটিগুলো কীভাবে পরিচালিত হবে এবং জনসাধারণের কাছে কীভাবে তাদের জবাবদিহিতা নিশ্চিত করবে সেসব বিষয় ব্যাখ্যা করে এই আইন।

ফেডারেল কর্মচারীদের সাধারণত তাদের সম্পত্তি এবং স্বার্থসমূহ প্রকাশ করতে হয়। যাতে সম্ভাব্য স্বার্থের সংঘাত এড়ানো যায়। মাস্ক ও রামাস্বামী যেহেতু আনুষ্ঠানিক ফেডারেল কর্মচারী হবেন না, তাই তাদের ক্ষেত্রে এই নৈতিক বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না।

সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে মাস্ক ইঙ্গিত করেছেন যে, ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি গণতন্ত্রের জন্য হুমকি হবে না। তবে আমলাতন্ত্রের জন্য হুমকি হবে এই দপ্তর।

ট্রাম্পের নির্বাচনে জয়ের পর থেকেই মার-আ-লাগোতে যাতায়াত বেড়েছে ইলন মাস্কের। ‘প্রেসিডেন্ট-ইলেক্টেড’ ডোনাল্ড ট্রাম্প প্রায়ই বলেছেন যে, তিনি মাস্ককে সরকারি ব্যয় হ্রাসের পরামর্শ প্রদানের জন্য একটি বাহ্যিক দল পরিচালনার আনুষ্ঠানিক দায়িত্ব দেবেন। তবে এটাও স্পষ্ট করে দিয়েছেন যে, মাস্কের অন্যান্য ব্যস্ততার কারণে তিনি পূর্ণকালীন পদে থাকবেন না।