হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে ক্যারোলিন লেভিটের নাম ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে ২৭ বছর বয়সী ক্যারোলিন হবেন মার্কিন ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি। তিনি ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মুখপাত্র ছিলেন। খবর বিবিসি।
এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ক্যারোলিন তার কাজে শ্রেষ্ঠত্ব অর্জন করবেন এবং আমেরিকান জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে সহায়তা করবেন বলে আমি আত্মবিশ্বাসী। আমরা আবার আমেরিকাকে মহান করে তুলব। ক্যারোলিন বুদ্ধিমতী, দৃঢ় এবং তার যোগাযোগ দক্ষতা অত্যন্ত কার্যকর বলে প্রমাণিত হয়েছে।
নিউ হ্যাম্পসায়ারের বাসিন্দা ক্যারোলিন তার নিজ রাজ্যের ক্যাথলিক কলেজ সেন্ট অ্যানসেলম কলেজে যোগাযোগ এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়েছেন। স্কুলে থাকাকালীন তিনি ফক্স নিউজ এবং ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস অফিসে ইন্টার্ন করেছিলেন।
২০১৯ সালে স্নাতক সম্পন্ন করার পরপরই ট্রাম্পের সময় হোয়াইট হাউসের জন্য কাজ শুরু করেন ক্যারোলিন। হোয়াইট হাউস ত্যাগ করার পর ক্যারোলিন সিনিয়র রিপাবলিকান কংগ্রেসওম্যান রিপাবলিকান এলিস স্টেফানিকের যোগাযোগ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এলিস স্টেফানিককে জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে কাজ করার জন্য মনোনীত করেছেন ট্রাম্প।
২০২৪ সালের জানুয়ারিতে ক্যারোলিন ট্রাম্পের প্রচারাভিযানে যোগ দেন। এবার কারিন জ্যঁ-পিয়েরের স্থলাভিষিক্ত হচ্ছেন ক্যারোলিন। তার আগে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ছিলেন রন জিগলার। ১৯৬৯ সালে রিচার্ড নিক্সন যখন তাকে এই পদে নিয়োগ দেন, তখন রনের বয়স ছিল ২৯।










