বৃহস্পতিবার রাতে নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগার শিরোপা জিতে নিয়েছে বার্সেলোনা। এটা কাতালান ক্লাবটির ২৮তম লিগ শিরোপা।
যদিও লা লিগার ইতিহাসে মোট শিরোপায় বার্সার চেয়েও এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। তাদের ঘরে শিরোপা গেছে ৩৬ বার। এখন পর্যন্ত মোট ৯৪ মৌসুমে এ দুটি দলই জিতেছে ৬৪ বার। বাকি ৩০ বার ভাগাভাগি করেছে বাকিরা। অ্যাটলেটিকো মাদ্রিদ ১১ বার, অ্যাথলেটিক বিলবাও ৮ বার, ভ্যালেন্সিয়া ৬ বার, রিয়াল সোসিয়েদাদ ২ বার এবং দেপোর্তিভো লা করুনা, সেভিয়া ও রিয়াল বেতিস একবার করে শিরোপা জয় করেছে।
গত তিন মৌসুমে এটা বার্সার দ্বিতীয় শিরোপা। সর্বশেষ ২০২৩-২৪ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল মাদ্রিদ। ওই মৌসুমে তারা চ্যাম্পিয়নস লিগও জয় করে। এবার রিয়ালের কাছ থেকে লিগ শিরোপা কেড়ে নিল হ্যান্সি ফ্লিকের দল।
১৭ বছর বয়সী বিস্ময় খেলোয়াড় লামিনে ইয়ামালের আরেকটি জাদুকরি পারফরম্যান্সে সহজ জয়ে শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। ম্যাচের ৫৩ মিনিটে দুর্দান্ত এক বাঁকানো শটে কাতালানদের এগিয়ে দেন তিনি। এরপর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে তার পাস থেকে ব্যবধান ২-০ করেন ফারমিন লোপেজ। সেই সঙ্গে শিরোপা উদযাপনও শুরু হয়ে যায় কাতালানদের।
দুই ম্যাচ হাতে রেখে রিয়াল মাদ্রিদের চেয়ে সাত পয়েন্টে এগিয়ে শিরোপা নিশ্চিত করল বার্সেলোনা। এর আগে কোপা দেল রে শিরোপা জিতেছেন রাফিনিয়া, ইয়ামালরা। সুযোগ ছিল ‘ট্রেবল’ জয়েরও। যদিও চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে জমজমাট লড়াই শেষে ইন্টার মিলানের কাছে হেরেছে স্প্যানিশ জায়ান্টরা। এরপরও ন্যু ক্যাম্পে নিজের প্রথম মৌসুমে ‘ডাবল’ জয়ের জন্য গর্ব করতেই পারেন জার্মান কোচ ফ্লিক।










