জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সোমবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েদের মাসিক বেতন ১ লাখ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করা হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন তারা। ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটাররা পেতেন মাসে ৭০ হাজার টাকা, এখন পাবেন ৯৫ হাজার টাকা। ‘ডি’ ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন ৬০ হাজার টাকা বাড়িয়ে করা হয়েছে ৮০ হাজার টাকা।
পাশাপাশি জাতীয় দলের অধিনায়ক ৩০ হাজার ও সহ-অধিনায়ক অতিরিক্ত ২০ হাজার টাকা ভাতা পাবেন।
গত ১ জুলাই থেকে কার্যকর হওয়া নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার—নিগার সুলতানা জ্যোতি, স্পিনার নাহিদা আক্তার ও ব্যাটার শারমিন আক্তার সুপ্তা। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ব্যাটার ফারজানা হক পিংকি, অলরাউন্ডার রিতু মনি, অলরাউন্ডার ফাহিমা খাতুন, পেস বোলার মারুফা আক্তার, স্পিনার রাবেয়া খান ও ব্যাটার সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্পিনিং অলরাউন্ডার স্বর্ণা আক্তার।
সবশেষ ‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার। এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।
সদ্য সমাপ্ত নারী ওয়ানডে বিশ্বকাপ আট দলের মধ্যে সপ্তম হয়েছে বাংলাদেশের মেয়েরা। তারা শুধু পাকিস্তানকে হারাতে পেরেছে। তবে একাধিক ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়ে শেষ পর্যন্ত হেরেছেন নিগার ও তার সতীর্থরা।










