দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। আগে বোলিং নেয়া বাংলাদেশ দুর্দান্ত পারফর্ম করে পাকিস্তানকে কোনঠাসা করে রাখে ম্যাচের বেশিরভাগ সময়। যদিও শেষ দিকে কিছুটা দৃঢ়তা দেখিয়ে ৮ উইকেটে ১৩৫ রান তুলতে সমর্থ হয় সালমান আগার দল। রান তাড়া করতে নেমে পাওয়ার প্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৬ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১২৪ রান তুলতে পেরেছে টাইগাররা। ১১ রানের এ জয়ে ফাইনালের টিকিট কেটেছে সালমান আগার দল।

ভারতের বিপক্ষে না খেলা অধিনায়ক লিটন দাস আজও নেই। বাংলাদেশে একাদশে আসে তিনটি পরিবর্তন। বাদ পড়েন নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিদ হাসান তামিম। দলে ফিরেছেন মেহেদী হাসান, নুরুল হাসান ও তাসকিন আহমেদ। অভিজ্ঞ তাসকিন ৩টি ও মেহেদী ২টি উইকেট নিয়ে সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করেন। এছাড়া রিশাদ হোসেন ২টি ও মুস্তাফিজুর রহমান ১টি উইকেট নেন। পাকিস্তানের মোহাম্মদ হারিস ৩১, মোহাম্মদ নওয়াজ ২৫ ও সালমান আগা ১৯ রান করেন।

বুধবার বাংলাদেশকে হারিয়ে সবার আগে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। তাদের সামনে নবম শিরোপার হাতছানি। সর্বোচ্চ আটবার এশিয়া কাপ জিতেছে ভারত। দ্বিতীয় সর্বোচ্চ ছয়বার শিরোপা জিতেছে শ্রীলংকা, পাকিস্তান জিতেছে দুবার।

রোববার দুবাইয়ে ১৭তম এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালে লড়বে ভারত ও পাকিস্তান।