অকল্যান্ডে আজ বৃহস্পতিবার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ২০৮ রান তাড়া করতে নেমে রোমাঞ্চকর লড়াইশেষে ৩ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ ১৮ বলে ৫২ রানের পেছনে ছুটে জয়ের কাছাকাছি পৌঁছে যায় ক্যারিবীয়রা। শেষ ৩ বলে লাগতো ৬ রান। সেখান থেকেও জিততে পারেনি শাই হোপের দল। শেষ ৩ বলে ১ উইকেট হারিয়ে তারা তুলতে পেরেছে ২ রান। ফলে হার ৩ রানের।
রভম্যান পাওয়েল ও ম্যাথিউ ফোর্ড ১৮তম ওভারে তুলে নেন ২২ রান। শেষ দুই ওভারে প্রয়োজন পড়ে ৩০ রান। ১৯তম ওভারে আসে ১৪ রান। শেষ ওভারে ১৬ রানের প্রয়োজন পড়ে অতিথি দলের। ‘নো বল’সহ প্রথম ৩ বল থেকে আসে ১০ রান। ফলে শেষ ৩ বলে প্রয়োজন পড়ে ৬ রানের। যদিও শেষ মুহূর্তের নাটকীয়তায় এ রান তুলতে পারেনি ক্যারিবীয়রা। কাইল জেমিসনের তিনটি দুর্দান্ত ডেলিভারিতে জয়ের আশা শেষ হয়ে যায় ক্যারিবীয়দের। চতুর্থ বলে শর্ট থার্ডম্যানে ক্যাচ দেন পাওয়েল। পরের বলে সিঙ্গেল নেন আকিল হোসেন। ফোর্ডকে শেষ বলটি স্লোয়ার দেন জেমিসন। ফোর্ড বলটিতে পরাস্ত হয়েছেন মারাত্মকভাবে, ফলে বাউন্ডারি নেয়া তার পক্ষে সম্ভব হয়নি।
এর আগে মার্ক চ্যাপম্যান ২৮ বলে ৭৮ রান করে নিউজিল্যান্ডকে ২০৭ রানের বিশাল সংগ্রহ এনে দেন। এছাড়া টিম রবিনসন ২৫ বলে ৩৯ ও ড্যারিল মিচেল ১৪ বলে ২৮ রান করেন। ইস সোধি ও মিচেল স্যান্টনার উভয়ই নেন ৩টি করে উইকেট।
এ জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-১-এ সমতা আসল। প্রথম ম্যাচটি জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। রোববার নেলসনে তৃতীয় টি-টোয়েন্টি।










