তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী সপ্তাহে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এ সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। দুই সংস্করণেই অধিনায়ক শাই হোপ।

ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ব্যাটসম্যান আকিম অগাস্ট। ওয়ানডে দলে ফিরেছেন খারি পিয়েরে। টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে নেপাল সিরিজে অভিষিক্ত বামহাতি পেসার র‍্যামন সিমন্ডস ও ব্যাটসম্যান আমির জাঙ্গুকে।

দুটি স্কোয়াড ঘোষণার পর ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে কোচ ড্যারেন স্যামি বলেছেন, ‘এই দল মাঠে নামবে জয়ের মানসিকতা ধরে রাখতে ও দলীয় ঐক্য আরো দৃঢ় করতে। এই দুটি বিষয় দীর্ঘ মেয়াদে সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য বাংলাদেশ সফর আমাদের জন্য আরেকটি সুযোগ।’

১৮ অক্টোবর ঢাকায় সিরিজের প্রথম ওয়ানডে। এরপর একই মাঠে ২১ ও ২৩ অক্টোবর পরের দুটি ওয়ানডে। ২৭ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামে।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল

শাই হোপ (অধিনায়ক), অলিক আথানেজ, আকিম অগাস্ট, জেদিয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুড়াকেশ মোতি, খারি পিয়েরে, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস ও রোমারিও শেফার্ড।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল

শাই হোপ (অধিনায়ক), অলিক আথানেজ, আকিম অগাস্ট, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুড়াকেশ মোতি, রোভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড ও র‍্যামন সিমন্ডস।