সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ক্যারিবীয়দের ২-১-এ হারিয়ে সিরিজ নিশ্চিত করল মেহেদী হাসান মিরাজের দল। বাংলাদেশের করা ২৯৬ রানের জবাবে সফরকারীরা ৩০.১ ওভারে ১১৭ রানে অলআউট হয়ে বড় হারের লজ্জা পায়। প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও বাংলাদেশের ঘূর্ণিতে বিভ্রান্ত হয় শাই হোপের দল। নাসুম আহমেদ ও রিশাদ হোসেন তিনটি করে এবং মেহেদী হাসান মিরাজ ও তানভীর ইসলাম দুটি করে উইকেট ভাগাভাগি করেন।

বাংলাদেশ জিতেছে ১৭৯ রানে, ওয়ানডেতে যা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জয়। সবচেয়ে বড় জয় আয়ারল্যান্ডের বিপক্ষে। ২০২৩ সালে আইরিশদের ১৮৩ রানে হারানোর কৃতিত্ব দেখায় বাংলাদেশ। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের বড় জয় ছিল ১৬০ রানের, ২০১২ সালে খুলনায়। এ জয়ে ৫০ ওভারের ক্রিকেটে টানা সিরিজ হারের ধারাবাহিকতা থেকে বের হলো বাংলাদেশ। টানা চারটি সিরিজ হারার পর প্রথম সিরিজ জিতল বাংলাদেশ, প্রথম সিরিজ জিতল ১৭ মাস পর। এর আগে সর্বশেষ ২০২৪ সালে মার্চে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ।

ওয়ানডেতে এ নিয়ে ৫০ বারের মোকাবেলায় জয় প্রায় সমানে সমান। ক্যারিবীয়রা জিতেছে ২৪টি, বাংলাদেশের জয় ২২টি। সিরিজ জয়ে এগিয়ে গেল বাংলাদেশ। টাইগাররা জিতেছে সাতটি সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ ছয়টি।