হার দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু হলো ভারতের। আজ রোববার পার্থে বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডে ম্যাচে ডিএলএস মেথডে ৭ উইকেটের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
বৃষ্টিতে খর্ব হওয়া ২৬ ওভারের ম্যাচে ৯ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে ভারত। জবাবে অজিরা ২৯ বল হাত রেখে ১৩১ রানের সংশোধিত টার্গেট ছুঁয়ে ফেলে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লের মধ্যেই রোহিত শর্মা, বিরাট কোহলি ও শুবমান গিলকে হারায় ভারত। অতিথিরা ৮.৫ ওভারে ৩ উইকেটে ২৭ রান তোলার পর খেলায় বৃষ্টি বাগড়া দেয়। এরপর আরো পাঁচ দফায় বৃষ্টি হানা দিলে লম্বা সময় নষ্ট হওয়ায় ম্যাচ কমিয়ে ২৬ ওভারের করা হয়। ভারত ২৬ ওভারে ৯ উইকেটে ১৩৬ রান তুলতে সমর্থ হয়। লোকেশ রাহুল ৩১ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন। এছাড়া অক্ষর প্যাটেল ৩৮ বলে ৩১ ও নিতিশ কুমার রেড্ডি ১১ বলে ১৯ রান করেন।
জস হ্যাজেলউড, মাইকেল ওয়েন ও ম্যাথিউ কুনেম্যান ২টি করে উইকেট নেন। নাথান এলিস ও মিচেল স্টার্ক নেন ১টি করে উইকেট।
জবাব দিতে নেমে সহজেই জয় পায় অস্ট্রেলিয়া। দলীয় ১০ রানে ট্রাভিস হেড ও ৪৪ রানে ম্যাথিউ শর্টকে হারালেও মিচেল মার্শ ও জস ফিলিপের ৫৫ রানের জুটি ভারতের আশা শেষ করে দেয়। চতুর্থ উইকেট জুটিতে মার্শ ও ম্যাট রেনশ ৩৫ বলে ৩২ রান যোগ করে অজিদের জয় নিশ্চিত করেন।
৫২ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন মিচেল মার্শ, রেনশ করেন ২৪ বলে ২১ রান।
বৃহস্পতিবার অ্যাডেলেইডে দ্বিতীয় ও শনিবার সিডনিতে তৃতীয় ও শেষ ওয়ানডে। এরপর দুই দল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে।










