ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ মৌসুমের শিরোপা নির্ধারণ এরই মধ্যে হয়ে গেছে। ম্যানসিটির কাছ থেকে শিরোপা নিজেদের করে নিয়েছে লিভারপুল। শিরোপা নিষ্পত্তি হয়ে গেলেও উত্তেজনা শেষ হয়ে যায়নি। এখন শীর্ষ চারে থাকা নিয়ে লড়াই চলছে প্রায় হাফ ডজন দলের মধ্যে। এমনকি গতবারের চ্যাম্পিয়ন ম্যানসিটির শীর্ষ চারে থাকাও এখন অনিশ্চিত হয়ে পড়েছে।
অবনমিত হয়ে যাওয়া সাউদাম্পটনের সঙ্গে শনিবার গোলশূন্য ড্র করে বসে ম্যানসিটি। একই দিন বোর্নমাউথকে হারিয়ে দেয় অ্যাস্টন ভিলা। এই জয়ে সেরা চারে থাকার দাবি জোরালো করেছে এবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল খেলা অ্যাস্টন ভিলা। ৩৬ রাউন্ড শেষে তাদের ঝুলিতে ৬৩ পয়েন্ট, সমান ম্যাচে সিটি ৬৫ পয়েন্ট নিয়ে চারে ম্যানসিটি। শীর্ষ দুটি পজিশনে রয়েছে লিভারপুল (৩৫ ম্যাচে ৮২) ও আর্সেনাল (৩৫ ম্যাচে ৬৭)। শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়নস লিগের টিকিট পাওয়ার লড়াইয়ে ম্যানসিটির প্রতিদ্বন্দ্বী নিউক্যাসল (৩৬ ম্যাচে ৬৬), চেলসি (৩৬ ম্যাচে ৬৩), অ্যাস্টন ভিলা (৩৬ ম্যাচে ৬৩) ও নটিংহ্যাম ফরেস্ট (৩৫ ম্যাচে ৬১)।
আজ নিউক্যাসলের মাঠে ২-০ গোলে হেরে নিজেদের ঝুঁকির মধ্যে ফেলেছে চেলসি। এই ম্যাচ জিতে ম্যানসিটিকে টপকে তিনে উঠে গেছে নিউক্যাসল। পরাজিত চেলসি নেমেছে পাঁচ নম্বরে।
আজ রোববার রাত সাড়ে ৯টায় অ্যানফিল্ডে নতুন চ্যাম্পিয়ন লিভারপুলের মুখোমুখি হবে আর্সেনাল, ওল্ড ট্র্যাফোর্ডে স্বাগতিক ম্যানইউ খেলবে ওয়েস্ট হ্যামের সঙ্গে। ম্যানইউ টেবিলের ১৫তম ও ওয়েস্ট হ্যাম ১৭তম স্থানে রয়েছে। এছাড়া ৬১ পয়েন্ট নিয়ে সাতে থাকা নটিংহ্যাম ফরেস্ট আজ ঘরের মাঠে খেলবে লেস্টারের সঙ্গে। লেস্টার এ মৌসুমে অবনমিত হয়ে গেছে।
প্রিমিয়ার লিগে ম্যানসিটির পরের দুই প্রতিপক্ষ বোর্নমাউথ ও ফুলহ্যাম। অঘটনের শিকার না হলে তারা এ দুটি ম্যাচ জিতে শীর্ষ চারে থাকা নিশ্চিত করতে পারবে।










