স্বাগতিক ভারতকে চার রানে হারিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। রোববার ইন্দোরে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ২৮৮ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ২৮৯ রান তাড়া করতে নেমে স্মৃতি মন্ধানার ৮৮ ও হারমানপ্রিত কাউরের ৭০ রানও জেতাতে পারেনি ভারতকে।

এর আগে হিদার নাইট ৯১ বলে ১০৯ রানের রাজসিক ইনিংস খেলে ইংল্যান্ডকে ২৮৮ রানের সংগ্রহ গড়ে দেন। এছাড়া এমি জোনস ৫৬ ও অধিনায়ক ন্যাট শিভার-ব্র্যান্ট ৩৮ রান করেন। দীপ্তি শর্মা ৫১ রানে ৪টি উইকেট নেন। রান তাড়া করতে নেমে ৪২ রানের মধ্যে প্রতীকা রাওয়াল ও হারলিন দেওলকে হারায় ভারত। এরপর কাউর ও স্মৃতি ১২২ বলে ১২৫ রানের জুটি গড়ে দলকে সংহত অবস্থান গড়ে দেন। কাউর দলীয় ১৬৭ রানে ও স্মৃতি ২৩৪ রানের সময় আউট হয়ে যান। স্মৃতি ৯৪ বলে ৮৮ ও কাউর ৭০ বলে ৭০ রান করেন। এরপর রিচা ঘোষের ফিফটিও (৫৭ বলে ৫০) ভারতকে জেতাতে পারেনি।

ভারতের হারে অস্ট্রেলিয়ার পর সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড (৯ পয়েন্ট) ও দক্ষিণ আফ্রিকা (৮ পয়েন্ট)। সেমির বাকি এক টিকিটের জন্য এখন লড়াই হবে ভারত (৪) ও নিউজিল্যান্ডের (৪) মধ্যে। যদিও কাগজে-কলমে এখনো টিকে আছে বাংলাদেশ (২), শ্রীলংকা (২) ও পাকিস্তান (২)। সোমবার ২ পয়েন্টের জন্য লড়বে শ্রীলংকা ও বাংলাদেশ। নাভি মুম্বাইতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।