ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিজের শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়েছেন মুশফিকুর রহিম। ৯৯ রানে অপরাজিত থাকা এ ডানহাতি ব্যাটার আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিন সকালে ১০৬ রান করে আউট হয়েছেন। এটা তার ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি। এছাড়া ১২৮ রানের রাজসিক ইনিংস খেলেন লিটন দাস। এটা তার পঞ্চম টেস্ট সেঞ্চুরি। এ দুই সেঞ্চুরিতে ভর করে ৪৭৬ রান তুলে অলআউট হয় স্বাগতিক বাংলাদেশ। জবাব দিতে নেমে ৫ উইকেটে ৯৮ রান তুলে দ্বিতীয় দিন মাঠ ছাড়ে অতিথিরা। ৫ উইকেট হাতে নিয়ে তারা এখনো ৩৭৮ রানে পিছিয়ে রয়েছে। স্পিনার হাসান মুরাদ দুটি উইকেট নেন।
দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলা মুশফিক সাদা পোশাকে দেশের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক। এবার তিনি সেঞ্চুরিতেও চূড়ায় উঠলেন। মুমিনুল হক সৌরভের সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চ ১৩টি সেঞ্চুরির মালিক তিনি। অর্থ্যাৎ, টেস্টে ম্যাচে, রানে ও সেঞ্চুরিতে শীর্ষে তিনি। এখানে শুরু সেঞ্চুরির রেকর্ডটা তিনি ভাগাভাগি করছেন মুমিনুলের সঙ্গে।










