স্প্যানিশ কোচ পেপ গার্দিওলার পেশাদার ফুটবলের কোচ হিসেবে হাজারতম ম্যাচের মাইলফলকে পৌঁছেছেন। রোববার রাতে ইতিহাদে লিভারপুলের বিপক্ষে ম্যাচটি ছিল কোচ হিসেবে তার হাজারতম। বার্সেলোনা ‘বি’ দিয়ে শুরু করা এ কোচ পরে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ম্যানসিটির হেড কোচের পদ সামলেছেন। এ সময় তিনি এক হাজার ম্যাচে ডাগআউটে দাঁড়িয়েছেন। তার মাইলফলকের এ ম্যাচে লিভারপুলকে ৩-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে সিটিজেনরা।
২৯ মিনিটে আর্লিং হালান্ড, প্রথমার্ধের যোগ করা সময়ে নিকো গঞ্জালেস ও ৬৩ মিনিটে জেরেমি ডকু গোল করেন সিটির হয়ে। লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকের গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। আর হালান্ডের পেনাল্টি শট ঠেকিয়ে দেন লিভারপুল গোলকিপার মামারদাশভিল।

কোচ হিসেবে হাজারতম ম্যাচের আগে ফুলেল শুভেচ্ছা পান পেপ গার্দিওলা
লিভারপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগে চার ম্যাচে জয়হীন থাকার পর অবশেষে জিতল ম্যানসিটি। এর আগে সর্বশেষ অল রেডদের হারিয়েছিল তারা ২০২৩ সালের এপ্রিলে।
এ জয়ের পর শীর্ষ দল আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়েছে ম্যানসিটি। ১১ রাউন্ডে গানারদের ২৬ ও ম্যানসিটির ২২ পয়েন্ট। আর এ হারে টেবিলের আটে নেমে গেছে লিভারপুল।
এদিকে, স্প্যানিশ লা লিগায় রোববার রাতে রায়ো ভায়েকানোর মাঠে গোলশূন্য ড্র করেছে শীর্ষ দল রিয়াল মাদ্রিদ।










