পাঁচ বিশ্বকাপ শিরোপার সর্বশেষটি ব্রাজিল জিতেছে ২০০২ সালে। এরপর প্রতিটি আসরে ছিল সেলেসাওদের হৃদয় ভাঙার গল্প। ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায় ঘটে। কোচ যায়, কোচ আসে, তবে ব্রাজিলের ভাগ্যের বদল আর হয় না। ভাগ্যের শিঁকে ছিড়তে এবার তারা বিদেশি কোচের শরণাপন্ন হয়েছে। কোচ হিসেবে নিয়োগ পাচ্ছেন রিয়াল মাদ্রিদসহ ইউরোপের শীর্ষ বেশ কয়েকটি ক্লাবের হয়ে সফলতা পাওয়া কার্লো অ্যানচেলত্তি।

সোমবার জানা যায়, ব্রাজিল ফুটবল দলের নতুন কোচ অ্যানচেলত্তি। ব্রাজিলের কোচ হিসেবে তার চুক্তি ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ে পেরু ও একুয়েডরের বিপক্ষে ম্যাচে কোচের ভূমিকায় দেখা যাবে তাকে। ব্রাজিলের কোচ হিসেবে নির্ধারিত বেতন তো বটেই সঙ্গে আরও বেশ কিছু সুযোগ–সুবিধাও পাবেন অ্যানচেলত্তি।

১৪ মাসের জন্য দায়িত্ব নেয়া অ্যানচেলত্তিকে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বেতন হিসেবে মাসে প্রায় ৭ লাখ ডলার (প্রায় ৮৪ লাখ টাকা) করে দেবে। বছরে পাবেন প্রায় ৮৮ লাখ ডলার (প্রায় ১০৬ কোটি টাকা)।

ব্রাজিল ২০২৬ সালের বিশ্বকাপ জিততে পারলে বাড়তি প্রায় ৫৫ লাখ ডলার (প্রায় ৬৬ কোটি টাকা) বোনাস পাবেন অভিজ্ঞ এই কোচ।