গত ৩ অক্টোবর গুয়াহাটিতে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে ইংল্যান্ডের কাছে ৬৯ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। সেদিন ২১৫ বল হাতে রেখে প্রোটিয়াদের হারিয়েছিল ইংল্যান্ড।
এরপর দুর্দান্ত প্রত্যাবর্তনে টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নেয় দক্ষিণ আফ্রিকা। সপ্তম ম্যাচে এসে আবারো ব্যাটিং ধস প্রোটিয়াদের। আজ শনিবার ভারতের মধ্য প্রদেশের ইন্দোরে শীর্ষস্থান নির্ধারণের ম্যাচে অস্ট্রেলিয়ার স্পিন বোলিংয়ে ঘায়েল হয়ে ৯৭ রানে অলআউট লরা উলভার্টের দল। লেগ স্পিনার অ্যালানা কিং একাই নেন ৭ উইকেট। জবাব দিতে নেমে ১১ রানে ২ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়ার মেয়েরা।
অথচ দুর্দান্ত সূচনা করেছিলেন অধিনায়ক উলভার্ট। তাজমিন ব্রিটসকে নিয়ে ৩২ রানের জুটি গড়ার পর তিনি আউট হয়ে যান মেগান শুটের বলে। এই ৩২ রানের মধ্যে ৩১ রানই এসেছে উলভার্টের ব্যাট থেকে! দলীয় ৪২ রানে তাজমিনকে ফেরান কিম গার্থ। এরপর ঘূর্ণি জাদু নিয়ে হাজির অ্যালানা। প্রোটিয়াদের টানা ছয় উইকেট শিকার করেন তিনি। নবম উইকেটটি নেন অ্যাশলে গার্ডনার। পরে দশম ও শেষ উইকেটটিও শিকার করেন কিং। সব মিলে ৭ ওভারে ১৮ রান খরচ করে নেন ৭ উইকেট।
ওয়ানডে ক্রিকেটে ৭ উইকেটই সর্বোচ্চ অর্জন। মোট ছয়জন নিয়েছেন ৭ উইকেট। যদিও অ্যালানার চেয়ে কম রানে ৭ উইকেট নেয়ার কীর্তি আছে তিনজনের—পাকিস্তানের সাজিদা শাহ (৭/৪), ইংল্যান্ডের জো চেম্বারলিন (৭/৮) ও ওয়েস্ট ইন্ডিজের আনিসা মোহাম্মদের (৭/১৪)। এছাড়া অ্যালানার স্বদেশী এলিস পেরি ও শেলি নিৎশকে ৭ উইকেট শিকারের কৃতিত্ব দেখিয়েছেন।
এ নিয়ে ৪৬ ম্যাচে ৭২ উইকেট শিকার করলেন ২৯ বছর বয়সী অ্যালানা কিং।










