দুর্দান্ত এক মৌসুম কাটানোর পর কিশোর লামিনে ইয়ামালকে নতুন চুক্তিতে বেঁধে ফেলল বার্সেলোনা। কাতালানদের সঙ্গে নতুন চুক্তিতে সই করেছেন তিনি, যা তাকে ন্যু ক্যাম্পে রেখে দেবে ২০৩১ সাল পর্যন্ত।

আগের চুক্তিটা তার ২০২৫-২৬ মৌসুম পর্যন্ত ছিল। তবে মাঠে অবিশ্বাস্য পারফরম্যান্সে ‘নতুন মেসি’ নাম পাওয়া এ খেলোয়াড়টিকে দীর্ঘ সময়ের জন্য রেখে দেয়া নিয়ে বার্সা কর্মকর্তাদের মধ্যে কোনো সংশয় নেই। ফলে তাকে ছয় বছরের নতুন চুক্তির প্রস্তাব দেয়া হয়।

২০২৩ সালে মাত্র ১৫ বছর বয়সে বার্সায় অভিষেক ঘটে ইয়ামালের। আগামী জুলাই মাসে ১৮ বছরে পা দিতে চলা ইয়ামাল বার্সার সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলেছেন। চলতি মৌসুমে সব মিলে ৫৫ ম্যাচ খেলে ১৮ গোল করেন তিনি, অ্যাসিস্ট করেন আগো ২৫ গোলে। বার্সা জিতেছে লা লিগা, কোপা দেল রে আর স্প্যানিশ সুপার কাপ শিরোপা। প্রতিটি সাফল্যেই আছে ইয়ামালের অবদান। তাই এ বছর ব্যালন ডি’অর পুরস্কারের দাবিদার হয়ে উঠেছেন তিনি।

বার্সা জানিয়েছে মঙ্গলবার ক্লাব প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা ও ক্রীড়া পরিচালক ডেকোর উপস্থিতিতে নতুন চুক্তিতে সই করেন ইয়ামাল।