ভিনিসিয়ুস জুনিয়রের একমাত্র গোলেই নিশ্চিত হয়ে গেল ব্রাজিলের ২০২৬ ফিফা বিশ্বকাপে জায়গা। আর এই জয় হয়ে রইল ঘরের মাঠে কার্লো আনচেলত্তির স্মরণীয় অভিষেক। সাও পাওলোতে প্যারাগুয়েকে একমাত্র গোলে সেলেসাওরা হারালেও ম্যাচে তাদের দারুণ পারফরম্যান্স স্কোরলাইনে প্রফলিত হচ্ছে না। সাম্প্রতিক সময়ে ধুঁকতে থাকা ব্রাজিলকে এ জয় কিছুটা হলেও অক্সিজেন দেবে।
আনচেলত্তি এই ম্যাচে বেশ আক্রমণাত্মক পরিকল্পনায় মাঠে নামেন। আগের ম্যাচে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর কিছুটা হতাশ ছিলেন সমর্থকরা। তবে ৬৬তম জন্মদিনে আনচেলত্তির দলের এই জয় যেন ছিল সোনায় সোহাগা।
ম্যাচের পর ভিনিসিয়ুস বলেন, ‘এই জয় আমাদের জন্য দরকার ছিল। এখন আমাদের হাতে আরো সময় আছে পরিকল্পনা সাজানোর, খেলার মান বাড়ানোর।‘ তবে এই ম্যাচে হলুদ কার্ড দেখে আগামী ম্যাচে চিলির বিপক্ষে খেলতে পারবেন না তিনি।
এই ম্যাচে মিডফিল্ডার গার্সনের বদলে খেলে দারুণ করেছেন আর্সেনাল উইঙ্গার গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। সাসপেনশন কাটিয়ে ফিরে আসা রাফিনিয়া বারবার আতঙ্ক ছড়ান প্যারাগুয়ের রক্ষণে। আর সামনে ভিনিসিয়ুস এবং মাতেউস কুনহার জুটি ছিল ছন্দে।
প্যারাগুয়ের রক্ষণের ভুল, কুনহার নিচু ক্রস আর ব্রাজিলের নতুন নাম্বার টেন ভিনির কোমল ছোঁয়াতেই ম্যাচের ৪৪ মিনিটে আসে গোল। তাতেই নিশ্চিত হয় জয়।
এই জয়ের পর ব্রাজিল ও ইকুয়েডর দু’দলেরই পয়েন্ট ২৫ হলেও জয়ের সংখ্যায় এগিয়ে থেকে ইকুয়েডর দ্বিতীয় স্থানে। আগেই বিশ্বকাপের টিকিট কেটে ফেলা বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা এখনো শীর্ষে ৩৫ পয়েন্টে। আজ কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আলবিসেলেস্তেরা।
উরুগুয়ে ২–০ গোলে ভেনেজুয়েলাকে হারিয়ে ২৪ পয়েন্ট নিয়ে বিশ্বকাপে খেলার আরো কাছে পৌঁছেছে। রদ্রিগো আগুইরে ও জর্জিয়ান ডি আররাসকেতা গোল করেন।
এদিকে চিলি টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ থেকে ছিটকে পড়ল। বলিভিয়ার কাছে ২–০ গোলে হেরে দশ জাতির লিগে সর্বশেষ অবস্থানে থেকে তারা বিদায় নিল। এর জেরে চাকরি হারালেন প্রধান কোচ রিকার্দো গারেকা।
২০২৬ সালের বিশ্বকাপ হবে ৪৮ দলের, যেখানে দক্ষিণ আমেরিকা থেকে সরাসরি জায়গা পাবে ৬টি দল। সপ্তম দলটি যাবে প্লে-অফে।










