ক্লাব বিশ্বকাপে গোলের রেকর্ড গড়ল জার্মান বুন্দেসলিগা চ্যাম্পিয়ন ও ইউরোপের অন্যতম সেরা দল বায়ার্ন মিউনিখ। রোববার রাতে সিনসিনাটিতে ‘সি’ গ্রুপ ম্যাচে নিউজিল্যান্ডের দল অকল্যান্ড সিটিকে ১০-০ গোলে বিধ্বস্ত করেছে বাভারিয়ানরা।
বায়ার্নের হয়ে হ্যাটট্রিক করেন জামাল মুসিয়ালা। এছাড়া কিংসলে কোম্যান, মাইকেল ওলিসে ও বিদায়ী টুর্নামেন্ট খেলা টমাস মুলার দুটি করে এবং সাচা বোয়ে একটি গোল করেন।
বায়ার্নের আগে ক্লাব বিশ্বকাপে সবচেয়ে বড় জয়ের রেকর্ড ছিল সৌদি আরবের আল হিলালের। ২০২১ সালের ক্লাব বিশ্বকাপে তারা ৬-১ গোলে হারিয়েছিল সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল জাজিরাকে। এবার সেই রেকর্ডটিকে বড় ব্যবধানে পেছনে ফেলল বায়ার্ন মিউনিখ।
এর আগে রোববার সকালে ‘এ’ গ্রুপ ম্যাচে মিসরের আল আহলির সঙ্গে গোলশূন্য ড্র করে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি।
রোববার রাত ১টায় ‘বি’ গ্রুপ ম্যাচে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) খেলবে অ্যাটলেটিকো মাদ্রিদ, সোমবার ভোর ৪টায় ‘এ’ গ্রুপ ম্যাচে ব্রাজিলের পালমেইরাস খেলবে পর্তুগালের পোর্তোর বিপক্ষে এবং সোমবার সকাল ৮টায় ‘বি’ গ্রুপে ব্রাজিলের বোটাফোগো খেলবে যুক্তরাষ্ট্রের সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে।










