পার্থে প্রথম ওয়ানডে ম্যাচে মিচেল স্টার্কের বলে শূন্য রানে আউট হয়ে যান বিরাট কোহলি। আজ বৃহস্পতিবার অ্যাডিলেইডে দ্বিতীয় ম্যাচেও ‘ডাক’ পেয়েছেন তিনি। জাভিয়ের বার্টলেটের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন ভারতের সাবেক এ অধিনায়ক, যিনি ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ৫১টি সেঞ্চুরির মালিক। পরে বাকিদের চেষ্টায় ৯ উইকেটে ২৬৪ রান তুলতে সমর্থ হয় ভারত। এ রান তাড়া করতে নেমে ২ উইকেটের জয় তুলে নেয় অজিরা। টানা দুই জয়ে সিরিজও নিশ্চিত করল মিচেল মার্শের দল।
ম্যাথিউ শর্ট ৭৮ বলে ৭৪ রান করে ভিত গড়ে দেয়ার পর কুপার কনোলির ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ে (৫৩ বলে ৬১*) ৪৭তম ওভারে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। এছাড়া মিচেল ওয়েন ২৩ বলে ৩৬, ম্যাথু রেনশ ৩০ বলে ৩০ ও ট্রাভিস হেড ৪০ বলে ২৮ রান করেন।
এর আগে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। ১৭ রানের মধ্যে অধিনায়ক শুবমান গিল ও কোহলির বিদায়ে বিপাকে পড়ে অতিথি দল। এরপর সদ্য সাবেক অধিনায়ক রোহিত শর্মা ও শ্রেয়াস আইয়ার ১১৮ রানের জুটি গড়ে ভারতকে টানেন। রোহিত ৯৭ বলে ৭৩ রান করে সাজঘরে ফিরে যান স্টার্কের শিকার হয়ে। ৭৭ বলে ৬১ রান করে অ্যাডাম জাম্পার শিকার হন শ্রেয়াস। এরপর আবার দ্রুত উইকেট হারাতে থাকে ভারত।
লোকেশ রাহুল (১১) ও ওয়াশিংটন সুন্দর (১২) বেশি সময় টিকতে পারেননি। অক্ষর প্যাটেলের চেষ্টায় ভারত দুশ পেরিয়েছে। অক্ষর ৪৪ রান করে বিদায় নিয়েছেন। শেষ দিকে হরষিত রানা (২৪) ও অর্শদীপ সিং (১৩) ভারতের সংগ্রহ আড়াইশ পার করান।
জাম্পা ৬০ রানে চারটি, বার্টলেট ৩৯ রানে তিনটি ও স্টার্ক ৬২ রানে দুটি উইকেট নেন।
শনিবার সিডনিতে তৃতীয় ও শেষ ম্যাচ। অজিরা সিরিজ জিতে নেয়ায় শেষ ম্যাচটি রূপ নিল কেবলই আনুষ্ঠানিকতায়। ওয়ানডে সিরিজ শেষে রয়েছে দুই দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।










