মেজর লিগ সকারে (এমএলএস) টানা তিন ম্যাচ না জেতায় চাপে ছিল লিওনেল মেসির ইন্টার মায়ামি। আজ রোববার ভোরে টেবিল টপার ফিলাডেলফিয়ার সঙ্গেও হারতে বসেছিল তারা। যদিও শেষ মুহূর্তে মেসি ম্যাজিকে উজ্জীবিত ইন্টার ম্যাচটি ৩-৩ গোলে ড্র করতে সমর্থ হয়।

প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে ইন্টার মায়ামি। সপ্তম মিনিটে বাংলাদেশি বংশোদ্ভূত স্ট্রাইকার কুইন সালিভান ও ৪৪ মিনিটে তাই বারিবো গোল করে ফিলাডেলফিয়াকে শক্ত অবস্থান গড়ে দেন। আর্জেন্টাইন খেলোয়াড় তাদেও আলেন্দে ম্যাচের ৬০ মিনিটের সময় গোল করে ব্যবধান কমান (২-১)। বারিবো ৭৩ মিনিটে গোল করে আবারো লিড বাড়ান (৩-১)।

messi 25

ইন্টার যখন হারের প্রহর গুণছিল তখনই ত্রাতা হয়ে এলেন মেসি। ম্যাচের ৮৭ মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোল করে ব্যবধান ২-৩ করেন আর্জেন্টাইন কিংবদন্তি। সেই গোলে উজ্জীবিত ইন্টার সুযোগটা কাজে লাগায় যোগ করা সময়ের পঞ্চম মিনিটে। তেলাস্কো সেগোভিয়া ৯৫ মিনিটে বক্সের বাইরে থেকে নেয়া শটে গোল করে ইন্টারকে মূল্যবান এক পয়েন্ট এনে দেন।

মায়ামি হার এড়ালেও এই ম্যাচের ফল কিন্তু মেসিদের স্বস্তি দিতে পারছে না। সব প্রতিযোগিতা মিলে শেষ ৮ ম্যাচের মধ্যে ৭টিতেই জয় নেই তাদের। অবশ্য গত আট ম্যাচের মধ্যে ষষ্ঠ পরাজয় থেকে রক্ষা পায় মায়ামি। ১৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ছয়ে মেসি দল। ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া।