ত্রয়োদশ নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে শুভসূচনা পেল বাংলাদেশের মেয়েরা। আজ বৃহস্পতিবার কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নামা পাকিস্তানকে ১২৯ রানে অলআউট করে দেয় বাংলাদেশের বোলিং ব্রিগেড। ছোট এ টার্গেট তাড়া করতে নেমে ১১৩ বল বাকি থাকতে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় বাংলাদেশ।

অভিষিক্ত রুবাইয়া হায়দার ঝিলিক ৭৭ বলে ৫৪ রানের হার না মানা ইনিংস খেলে বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছাড়েন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে ৭৭ বলে ৬২ রানের জুটি গড়েন তিনি। জ্যোতি ৪৪ বলে ২৩ রান করে বিদায় নেয়ার সময় বাংলাদেশ জয় থেকে ৩৩ রান দূরে ছিল। জ্যোতির জায়গায় নামা সোবহানা মোস্তারির অনবদ্য ব্যাটিং পাকিস্তানকে কোনো সুযোগই দেয়নি। ১৯ বলে ৬ বাউন্ডারিতে ২৪ রানে অপরাজিত থাকেন তিনি। এ পথে ঝিলিকের সঙ্গে ৩৮ বলে ৩৪ রানের জুটি গড়েন। এর মধ্যে ২৪ রানই মোস্তারির।

এর আগে পাকিস্তান শুরুতেই পড়ে মারুফ আক্তারের গতিঝড়ের মুখে। প্রথম ওভারেই পরপর দুই বলে বোল্ড করেন পাকিস্তানের ওমাইমা সোহেল ও সিদরা আমিনকে। এরপর পাকিস্তানের তৃতীয় উইকেটের পতন ঘটনা স্পিনার নাহিদা আক্তার। তিনি ফেরান মুনীবা আলীকে। পাকিস্তান ৬৭ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল।

স্পিনার নিশিতা আক্তার নিশি অভিজ্ঞ আলিয়া রিয়াজকে ফেরান সাজঘরে (৯১/৬)। বোর্ডে ১০০ রান তোলার পরই সপ্তম উইকেটের পতন ঘটে তাদের। অধিনায়ক ফাতিমা সানা খানকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন স্পিনার ফাহিমা খাতুন। এরপর দ্রুতই বাকি ৩ উইকেট নিয়ে পাকিস্তানকে ১২৯ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। শেষ তিনটি উইকেট নেন স্বর্ণা আক্তার।

১৩০ রান টার্গেটে নেমে দলীয় ৭ রানের মাথায় অভিজ্ঞ ফারজানা হক পিংকির উইকেট হারায় বাংলাদেশ। এরপর দলকে টানছিলেন শারমিন আক্তার সুপ্তা ও রুবাইয়া হায়দার। ৩০ বলে ১০ রান করে আউট হয়ে যান অভিজ্ঞ সুপ্তাও। দলীয় ৩৫ রানে দুই উইকেট পতনের পর রুবাইয়ার সঙ্গে যোগ দেন অধিনায়ক নিগার সুলতানা। এ দুজনের দৃঢ়তায় জয়ের কাছাকাছি চলে যায় বাংলাদেশ। ৭৭ বলে ৬২ রানের জুটি তুলে বিচ্ছিন্ন হন দুজন। জ্যোতি বিদায় নিলেও দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন ঝিলিক। এ পথে তিনি যোগ্য সাপোর্ট পান মোস্তারির।

মাত্র দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী দল। এর আগে ২০২২ সালে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পায় লাল-সবুজ জার্সিধারীরা। ৮ দলের মধ্যে সপ্তম হয় বাংলাদেশ, তাদের নিচে ছিল পাকিস্তান। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত গত আসরে হ্যামিল্টনে পাকিস্তানকে ৯ রানে হারিয়েছিল নিগার সুলতানার দল। দ্বিতীয় আসরেও বাংলাদেশ হারাল পাকিস্তানকে। অর্থ্যাৎ, মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে দুবারের দেখায় পাকিস্তানকে দুবার হারানোর কৃতিত্ব দেখাল বাংলাদেশ।

বাংলাদেশ ও পাকিস্তান এ নিয়ে ১৭টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়। উভয় দলই সমান ৮টি করে ম্যাচ জিতেছে। গত এপ্রিলে লাহোরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে সর্বশেষ মুখোমুখি হয় দুটি দল, যে ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারায় পাকিস্তান। এবার মূল পর্বে জিতল লাল-সবুজরা।