ফয়সালাবাদে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হারাল পাকিস্তান। কুইন্টন ডি ককের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে দ্বিতীয় ওয়ানডে জিতে প্রোটিয়ারা সমতা আনলেও আজ শনিবার তৃতীয় ও শেষ ম্যাচে দাপটে জিতল স্বাগতিকরা।
পাকিস্তানের ঘূর্ণিতে এলোমেলো সফরকারীরা গুটিয়ে যায় ১৪৩ রানে। এ রান তাড়া করতে নেমে ১৪৯ বল বাকি থাকতে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় শাহিন শাহ আফ্রিদির দল। ২-১-এ সিরিজ জিতে নিল স্বাগতিকরা।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনার পরও পাকিস্তানের স্পিনে ধরাশায়ী হয়ে ৩৭.৫ ওভারে ১৪৩ রানে অলআউট হয়ে যায় তারুণ্যনির্ভর দক্ষিণ আফ্রিকা। স্পিনার আবরার আহমেদ ২৭ রানে চারটি, পেস তারকা ও দলনায়ক শাহিন শাহ আফ্রিদি ১৮ রানে দুটি, টি-টোয়েন্টি দলনায়ক সালমান আগা ১৮ রানে দুটি ও স্পিনার মোহাম্মদ নওয়াজ ৩১ রানে দুটি উইকেট নেন। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন আগের ম্যাচেই ১২৩ রানের হার না মানা ইনিংস খেলে জয়ের নায়ক কুইন্টন ডি কক। এছাড়া লুয়ান-ড্রে প্রিটোরিয়াস করেন ৩৯ রান।
জবাব দিতে নেমে শূন্য রানে ফখর জামানকে হারালেও ঠিকই বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। সাইম আইয়ুব ৭০ বলে ৭৭ রান করে পাকিস্তানের জয় নিশ্চিত করেন। এছাড়া মোহাম্মদ রিজওয়ান ৪৫ বলে ৩২ ও বাবর আজম ৩২ বলে ২৭ রান করেন।
দুই দলের টেস্ট সিরিজটা ১-১-এ ড্র হয়। এরপর ২-১-এ টি-টোয়েন্টি ও একই ব্যবধানে ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হারাল পাকিস্তান।










