মিরপুর টেস্টে প্রথম দিন ৪ উইকেটে ২৯২ রান তুলে মাঠ ছেড়েছে বাংলাদেশ। শততম টেস্ট খেলা মুশফিকুর রহিম ৯৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ১৩তম টেস্ট সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে তিনি। বৃহস্পতিবার দ্বিতীয় দিন সকালে ১ রান করলেই বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়বেন মুশফিক।
টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো সূচনা এনে দিয়েছিলেন দুই ওপেনার। তবে তাদের কেউই ইনিংস বড় করতে পারেননি। প্রথমে শাদমান ইসলাম ও পরে প্যাভিলিয়নে ফিরেছেন মাহমুদুল হাসান জয়। সঙ্গে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেটও হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ।
শুরুতেই স্ট্রোকের ঝুলঝুরি দেখা গেছে শাদমান ইসলামের ব্যাটে। ক্রিকেটীয় ব্যাকরণের সব শটে ৬ বাউন্ডারির মাধ্যমে ৩৫ রান করার পর অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন শাদমান। আর এতেই ভেঙে যায় ৫২ রানের ওপেনিং জুটি।
অন্যপ্রান্তে দেখেশুনেই খেলছিলেন সিলেট টেস্টের সেঞ্চুরিয়ন মাহমুদুল হাসান জয়। আরো একটি বড় ইনিংসের আশা জাগিয়ে তিনিও ম্যাকব্রাইনের শিকারে পরিণত হয়েছেন। তবে উইকেটটা যেন বিলিয়েই এলেন তিনি। ড্যান্সিং ডাউন দ্য উইকেটে এসে ম্যাকব্রাইনকে তুলে মারতে গিয়ে মিডঅফে ম্যাকার্থির হাতে ধরা পড়েছেন জয়। তার উইলোয় এসেছে ৩৪ রান।
একদমই সুবিধা করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। ম্যাকব্রাইনের অফস্পিনে বিভ্রান্ত হয়ে ব্যক্তিগত ৮ রান করে বোল্ড হয়েছেন টাইগার অধিনায়ক।
এখন ক্রিজে আছেন মমিনুল হক ও শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম। প্রতিবেদনটি লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেট হারিয়ে ৯৬ রান।
এর আগে মুশফিকুর রহিমের ঐতিহাসিক শততম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচে বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। পেস আক্রমণে নাহিদ রানা ও হাসান মাহমুদের জায়গায় একাদশে ফিরেছেন ইবাদত হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ। দীর্ঘ বিরতি শেষে লাল বলের ক্রিকেটে ফিরলেন এবাদত।










