গত জুলাই মাসে শ্রীলংকার মাঠে টি-টোয়েন্টি সিরিজ জিতে আসে বাংলাদেশ। এরপর ঘরের মাঠে পাকিস্তানকেও হারায় তারা। যদিও সেই ফর্ম এশিয়া কাপে টেনে নিতে পারল না লিটন দাসের দল। আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এরপর শামীম হোসেন ও জাকের আলীর লড়াইয়ে শ্রীলংকাকে ১৪০ রানের টার্গেট দিলেও জিততে পারেনি টাইগাররা। ৬ উইকেট ও ৩২ বল হাতে রেখে জয় তুলে নিয়েছে শ্রীলংকা। এটা তাদের প্রথম জয়।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যস্ত হয়ে পড়ে বাংলাদেশ। ২ ওভারশেষে স্কোর ছিল ০/২! অর্থ্যাৎ, শূন্য রানে নেই ২ উইকেট। প্রথম ওভারে মেডেন উইকেট নেন নুয়ান তুষারা। তিনি প্রথম ওভারের শেষ বলে বোল্ড করেন তানজিদ হাসান তামিমমে। দুশমন্ত চামিরার করা পরের ওভারে উইকেটের পেছনে ক্যাচ দেন পারভেজ হোসেন ইমন। এমন অবস্থায় ২.২ ওভারে সিঙ্গেল থেকে দলের প্রথম রান নেন লিটন!
দলকে চাপমুক্ত করার চেষ্টা করছিলেন লিটন। তার ব্যাটে পাওয়ার প্লে শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৩০/৩। যদিও যথেষ্ট সাপোর্ট পাচ্ছিলেন না লিটন। তাওহীদ হৃদয় ও মেহেদী হাসান দ্রুতই বিদায় নেন। দলীয় ৫৪ রানে লিটনও পথ ধরেন সাজঘরের। ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ গভীর বিপর্যয়ে পড়লে হাল ধরেন শামীম ও জাকের। দুজন ৬১ বলে ৮৬ রানের রেকর্ড জুটি গড়ে বাংলাদেশকে ১৩৯ রানের পুঁজি এনে দেন। শামীম ৩৪ বলে ৪২ ও জাকের ৩৪ বলে ৪১ রানে অপরাজিত থাকেন।
শামীম ও জাকের ষষ্ঠ উইকেটে রেকর্ড গড়েছেন। আগের রেকর্ড ছিল নুরুল হাসান সোহান ও আফিফ হোসেনের ৮১ রান। যদিও শামীম ও জাকেরের রেকর্ড গড়া ব্যাটিংয়ে জেতেনি বাংলাদেশ। পাথুম নিশাঙ্কা ৩৪ বলে ৫০ ও কামিল মিশারা ৩২ বলে ৪৬ রান করেন।
সোমবার শ্রীলংকার প্রতিপক্ষ হংকং, পরদিন বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ খেলবে আফগানিস্তানের বিপক্ষে।










