এশিয়া কাপের আগে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নেয় পাকিস্তান। রোববার রাতে এ টুর্নামেন্টের ফাইনালে আফগানিস্তানকে বিধ্বস্ত করে শিরোপা জিতে নিয়েছে পাকিস্তান। আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে পাকিস্তান। এরপর মোহাম্মদ নওয়াজের হ্যাটট্রিকে আফগানদের ৬৬ রানে অলআউট করে দেয় সালমান আগার দল।

আগে ব্যাটিংয়ে নেমে খুব বড় স্কোর পায়নি পাকিস্তান। রশিদ খান (৩/৩৮), নূর আহমাদ (২/১৭) ও ফজলহক ফারুকি (২/১৯) পাকিস্তানকে অল্প রানে আটকে দেন। ফখর জামান ২৬ বলে ২৭, নওয়াজ ২১ বলে ২৫ ও আগা ২৭ বলে ২৪ রান করেন। এরপর নওয়াজের ঘূর্ণিতে বিভ্রান্ত আফগানরা ১৫.৫ ওভারে ৬৬ রান তুলে সবাই আউট হয়ে যায়। নওয়াজ ১৯ রানে ৫ উইকেট নেন, যা তার ক্যারিয়ারের সেরা বোলিং। সুফিয়ান মুকিম ও আবরার আহমেদ ২টি করে উইকেট নেন।