বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় হামজা চৌধুরীর ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার আশা পূরণ হলো না। চ্যাম্পিয়নশিপ প্লে-অফ ফাইনালে আজ শনিবার সান্ডারল্যান্ডের কাছে ইনজুরি টাইমে গোল খেয়ে হেরে বসেছে তার দল শেফিল্ড ইউনাইটেড। তিনি লেস্টার সিটি থেকে শেফিল্ডে ধারে খেলেছেন। শেফিল্ড প্রিমিয়ার লিগে উঠলে হয়তো তিনি এ ক্লাবটিতে স্থায়ী চুক্তির সুযোগ পেতেন। তার মূল ক্লাব লেস্টারও চ্যাম্পিয়নশিপে অবনমিত হয়ে গেছে।

আজ লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে জমজমাট ফাইনালে ১-০ গোলে পিছিয়ে পড়া সান্ডারল্যান্ড শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে। ২৫ মিনিটে ক্যাম্পবেলের গোলে লিড নেয় শেফিল্ড। ৭৬ মিনিটে সমতা আনেন এলিয়েজার মায়েন্দা। এরপর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে টম ওয়াটসনের বাঁকানো শটে শেফিল্ডের জালে বল জড়ালে উল্লাসে ফেটে পড়ে ব্ল্যাক ক্যাটসরা। ২০১৭ সালের পর এই প্রথম প্রিমিয়ার লিগে খেলার টিকিট পেল দলটি।