আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এছাড়া এ সিরিজে টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবেক স্পিনার ও বর্তমানে বিসিবি পরিচালক আবদুর রাজ্জাক, যিনি নারী উইংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
আজ সোমবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এ দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে সংবাদ সম্মেলন এ তথ্য জানান বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
মোহাম্মদ আশরাফুল জাতীয় দলের সাবেক অধিনায়ক ও টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। চলতি মৌসুমে প্রথমবারের মতো বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ ছিলেন।

বিসিবির পরিচালনা পর্ষদের সভা
আসন্ন বাংলাদেশ সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে আয়ারল্যান্ড। সিলেটে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর, মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর। এরপর টি-টোয়েন্টি সিরিজ, যার প্রথম দুটি ম্যাচ চট্টগ্রামে ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর মিরপুরে শেষ ম্যাচ।
এদিকে, আজ বিসিবির সভায় প্রথমবারের মতো যোগ দেন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক রুবাবা দৌলা। তাকে এনএসসি মনোনীত পরিচালক করে আজ আনুষ্ঠানিকভাবে বিসিবিকে চিঠি দেওয়া হয়েছে। রুবাবা দৌলার অন্তর্ভুক্তিতে ২৫ সদস্যের বিসিবি পরিচালনা পর্ষদ পূর্ণতা পেয়েছে।
গত ৬ অক্টোবর বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনে এনএসসি মনোনীত পরিচালক ইসফাক আহসানকে নিয়ে বিতর্ক দেখা দিলে তাকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। তখনই রুবাবা দৌলার নাম আসে। অবশেষে আজ তিনি দায়িত্ব নিলেন।
রুবাবা দৌলা বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকলের বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর। একটি সময় তিনি গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ পর্যায়ে কাজ করেছেন। তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্বও পালন করেছেন।










