বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারী আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ডিএলএস মেথডে ৫ রানে হারাল স্বাগতিক বাংলাদেশের যুবারা।
আজ মঙ্গলবার আগে ব্যাটিংয়ে নেমে উজায়েরউল্লাহ নিয়াজাই (১৩৭ বলে ১৪০*) অনবদ্য এক সেঞ্চুরি করে আফগানিস্তানকে এনে এনে দেন ৯ উইকেটে ২৬৫ রানের পুঁজি। ১৬ বাউন্ডারি ও এক ছক্কায় ইনিংসটি সাজান তিনি। বাংলাদেশের ইকবাল হোসেন ইমন ৫৭ রানে ৫ উইকেট ও রিজান হোসেন ৫৪ রানে ২ উইকেট নেন।
বড় রান তাড়া করতে নেমে ১৫ রানে ২ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এরপর কালাম সিদ্দিকীর সেঞ্চুরি বাংলাদেশকে জয় এনে দেয়। ১১৯ বলে ১১ বাউন্ডারিতে ১০১ রান করেন তিনি। চতুর্থ উইকেটে রিজান হোসেনকে (৯৬ বলে ৭২) নিয়ে ১৩৯ রানের রানের জুটি গড়েন তিনি।
বাংলাদেশ ৪৬ ওভারে ৪ উইকেটে ২৩১ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। ডিএলএস মেথডে দেখা যায়, ওই সময় বাংলাদেশ ২২৭ রান করলেই জিততো। সে হিসেবে স্বাগতিকরা ৫ রানের জয় তুলে নেয়।
শুক্রবার একই মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। এরপর রাজশাহীতে সিরিজের শেষ তিনটি যুব ওয়ানডে ম্যাচ।










