বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ১-০ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতে নিল আর্সেনালের মেয়েরা। এটা তাদের দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ শিরোপা। ১৮ বছর আগে প্রথম শিরোপাটি জিতেছিল লন্ডন জায়ান্টরা। তাদের কাছে হেরে পাঁচ বছরের মধ্যে চতুর্থবার ইউরোপিয়ান মুকুট জয়ের সুযোগ হারাল বার্সেলোনা।
পর্তুগালের স্তাদিও হোসে আলভালাদে স্টেডিয়ামে ম্যাচের ৭৫ মিনিটে আর্সেনালের জয়সূচক গোলটি করেন স্টিনা ব্ল্যাকস্টেনিয়াস। মেথ মিয়াডের পাস থেকে গোলটি করেন তিনি।
বার্সার একাদশে ছিলেন বিশ্বকাপজয়ী তারকা আইতানা বোনমাতি, অ্যালেক্সিয়া পুতেয়াসের মতো তারকা। তারা ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁর পর দ্বিতীয় দল হিসেবে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছিল। যদিও বোনমাতিরা হ্যাটট্রিক শিরোপা জিততে ব্যর্থ হলেন।










