আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত অধিনায়ক লিটন দাস চোটগ্রস্ত থাকায় এ সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন জাকের আলী অনিক। লিটন খেলতে না পারায় তিনি সম্প্রতি এশিয়া কাপের সুপার ফোর পর্বে দুটি ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন।

লিটনকে নিয়ে টিম ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, ‘সাইড স্ট্রেইনের কারণে এশিয়া কাপে গত দুটি ম্যাচে খেলতে পারেননি লিটন। এমআরআই স্ক্যানে দেখা যায়, তার তলপেটের বামদিকে মাংসপেশীতে গ্রেড-১ স্ট্রেইন রয়েছে। তার চিকিৎসা চলছে, তাই এ সিরিজে অংশ নিতে পারবেন না।’

৩২ বছর বয়সী বামহাতি ব্যাটার সৌম্য সরকার এ সিরিজে ডাক পেয়েছেন। এশিয়া কাপের স্কোয়াডে এই একটি পরির্বতন নিয়েই আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ ।

আগামী ২, ৩ ও ৫ অক্টোবর আরব আমিরাতের শারজায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। এশিয়া কাপের গ্রুপ ম্যাচে আফগানদের হারিয়ে দেয় টাইগাররা।

বাংলাদেশ স্কোয়াড: জাকের আলী অনিক (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মো. সাইফউদ্দিন ও সৌম্য সরকার।