ত্রয়োদশ নারী ওয়ানডে বিশ্বকাপে আজ রোববার নাভি মুম্বাইতে বাংলাদেশ ও ভারতের ম্যাচটি একাধিকবার বৃষ্টির বাধায় পড়ে শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়েছে। ফলে উভয় দল এ ম্যাচ থেকে ১ পয়েন্ট সংগ্রহ করেছে। এই ১ পয়েন্ট পেয়ে টেবিলের সপ্তম স্থানে থেকে আসর শেষ করল বাংলাদেশের মেয়েরা। তাদের সমান ৩ পয়েন্ট নিয়ে টেবিলের আটে নেমে গেছে পাকিস্তান।

২৭ ওভারে নেমে আসা ম্যাচে ৯ উইকেটে ১১৯ রান করতে সমর্থ হয় বাংলাদেশ। জবাব দিতে নেমে ভারত ৮.৪ ওভারে বিনা উইকেটে ৫৭ রান তোলার পর আবারও বৃষ্টি শুরু হয়। এ বৃষ্টি আর শেষ না হওয়ায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ন্যূনতম ২০ ওভারের খেলা হলে ডিএলএস মেথডে জয়-পরাজয় ঘোষণা হতো।

বাংলাদেশের ব্যাটিংয়ের সময় ম্যাচের শুরুতে একবার ও ১২.২ ওভারে ২ উইকেটে ৩৯ রান তোলার পর আরেক দফায় বৃষ্টি হানা দেয়। শেষ দিকে দ্রুত রান তুলতে গিয়ে ২৬ রানের মধ্যে ৬ উইকেট হারায় বাংলাদেশ। এতে রান তোলার গতিও শ্লথ হয়ে পড়ে। শেষ পর্যন্ত ২৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৯ রান তুলতে সমর্থ হয় নিগার সুলতানার দল। শারমিন আক্তার সুপ্তা ৫৩ বলে ৩৬ ও সোবহানা মোস্তারি ২১ বলে ২৬ রান করেন। ভারতের রাধা যাদব ৩০ রানে তিনটি ও শ্রী চরণী ২৩ রানে ২টি উইকেট নেন।

বাংলাদেশ আগেই এবারের আসর থেকে বিদায় নিয়েছে। এটা দুই দলের আনুষ্ঠানিকতার ম্যাচ। বুধবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। পরদিন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত।

বাংলাদেশ আগের ৬ ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ জিতেছে।