দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে গতকাল সুপার ফোরের ম্যাচে ভারতের কাছে ৪১ রানে হেরে গেছে বাংলাদেশ। এ জয়ে সবার আগে ১৭তম এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নেয় ভারত।

ভারতের কাছে হারলেও বাংলাদেশের সুযোগ কিন্তু শেষ হয়ে যায়নি। বৃহস্পতিবার পাকিস্তানকে হারাতে পারলেই চতুর্থবারের মতো এশিয়া কাপের ফাইনালের টিকিট পাবে টাইগাররা। সুপার ফোরের এ ম্যাচটি রূপ নিয়েছে নকআউটে। এই দুই দলের মধ্যকার বিজয়ী উঠে যাবে ফাইনালে। ম্যাচ পরিত্যক্ত হলে ফাইনালের টিকিট পাবে পাকিস্তান। দুই দলেরই সংগ্রহ সমান ২ পয়েন্ট হলেও নিট রানরেটে এগিয়ে পাকিস্তান। এদিকে, ভারতের সঙ্গে শ্রীলংকার বিদায় নিশ্চিত হয়েছে। শুক্রবার সিংহলিজরা আনুষ্ঠানিকতার ম্যাচে ভারতের মুখোমুখি হবে।

বুধবার দুবাইয়ে টস হেরে আগে ব্যাটিংয়ে নামা ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৮ রান তুলতে সমর্থ হয়। পাওয়ার প্লেতে ৭২ ও ১০.১ ওভারে ১০০ রান তুলে নেয়ার পরও ভারতকে ১৬৮ রানে বেধে ফেলার সাফল্য দেখায় বাংলাদেশের বোলিং ব্রিগেড। যদিও ব্যাটাররা পারেননি। জবাবে ১৯.৩ ওভারে ১২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ৫১ বলে ৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি সাইফ হাসান। সাইফ ছাড়া দুই অঙ্ক ছুঁয়েছেন শুধু একজন—পারভেজ হোসেন ইমন (১৯ বলে ২১)।

এরপরও টাইগারদের পারফরম্যান্সে সন্তুষ্ট ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী। তিনি বলেন, ‘সব কৃতিত্ব ছেলেদের। দশ ওভার পর তারা ভালো বোলিং করেছেন। তাদের অনেক ধন্যবাদ জানাই। আগামীকাল (বৃহস্পতিবার) আমাদের আরেকটি ম্যাচ আছে। আমাদের এটা মাথায় রাখতে হবে যে, এ ম্যাচটি জিতে আমরা ফাইনালে জায়গা করে নিতে পারি। এ ম্যাচে আমরা সেরাটা দেয়ার চেষ্টা করব।’