মিউনিখে শনিবার চ্যাম্পিয়নস লিগ ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্সের দল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও ইতালির ইন্টার মিলান। মাঠের খেলায় ভিন্ন স্টাইলের দুটি দলের এ লড়াই শেষ কারা হাসবে শেষ হাসি? ইন্টারের চতুর্থ নাকি পিএসজির প্রথম?

বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ইউরোপের শ্রেষ্ঠত্ব নির্ধারণের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল।

এর আগে ১৯৬৪ ও ১৯৬৫ সালে টানা দুবার ইউরোপিয়ান মুকুট জয় করে ইন্টার মিলান। ১৯৬৪ সালে রিয়াল মাদ্রিদকে ও পরের বছর বেনফিকাকে ফাইনালে হারায় তারা। তখন এ আসরের নাম ছিল ইউরোপিয়ান কাপ।

লুই এনরিকের পিএসজি প্রথম শিরোপা জয়ের আশা নিয়ে মাঠে নামছে। বার্সেলোনার সাবেক কোচ লুই এনরিকে দায়িত্ব নেয়ার পর পিএসজির তারুণ্যনির্ভর দলটির খেলায় বিরাট পরিবর্তন এনেছেন। তাদের ফ্রি ফ্লোয়িং ও হাই প্রেসিং ফুটবল মুগ্ধ করছে দর্শকদের। বিশেষ করে, নকআউট পর্বে তাদের খেলা ছিল আকর্ষণীয়। ফাইনালে তারাই ফেভারিট হিসেবে নামছে। এ কারণে এনরিকের শিষ্যদের ওপর থাকবে বাড়তি চাপ।

ইন্টার মিলানকে সর্বশেষ তিন মৌসুমের মধ্যে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তুলেছেন সিমোন ইনজাগি। ২০২৩ সালের ফাইনালে তাদের হারিয়ে দেয় ম্যানচেস্টার সিটি। অভিজ্ঞ ইন্টার মিলান চাইবে পিএসজির গতিটাকে থামাতে আর কাউন্টার অ্যাটাক থেকে সুযোগ নিতে। তারা মৌসুমের শেষ দিন এসে লিগ শিরোপা হারায় নাপোলির কাছে। এবার চ্যাম্পিয়নস লিগ জিতে সেই ক্ষতি পুষিয়ে নিতে চাইবে নেরাজ্জুরিরা।