আলোচনা সভা, শোক মিছিল ও নানা আনুষ্ঠানিকতায় পালিত হলো নব্বইয়ের দশকের মাঠ কাঁপানো ফুটবলার মোনেম মুন্নার ১৭তম মৃত্যুবার্ষিকী। গতকাল মোনেম মুন্না স্মরণে আলোচনা সভা ও শোক মিছিলের আয়োজন করে মোনেম মুন্না স্মৃতি সংসদ ও সোনালী অতীত ক্লাবের খেলোয়াড় ও একাডেমির খেলোয়াড়রা।

গতকাল সকালে শোক মিছিলের পর চিতাশাল কবরস্থানে মোনেম মুন্নার কবরে পুষ্পস্তবক অর্পণ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোনেম মুন্নার ছোট ভাই মকবুল হোসেন রতন, ফুটবলার আমান উল্লাহ, জাকির হোসেন, শহীদ হোসেন স্বপন, লিটুসহ সাবেক সতীর্থ ও বর্তমান ফুটবলাররা।

মোনেম মুন্নার স্মৃতি রক্ষার্থে সরকারিভাবে একটি স্টেডিয়ামের গ্যালারি বা একটি মাঠের নাম তার নামে নামকরণের দাবি জানিয়েছেন তার সাবেক সতীর্থরা। তাদের দাবি, মোনেম মুন্না অনেক বড় মাপের খেলোয়াড় ছিলেন। আগামী প্রজন্মের খেলোয়াড়দের সামনে মোনেম মুন্নাকে তুলে ধরতে হলে তার নামে ক্রীড়া স্থাপনার নামকরণ প্রয়োজন।

মাত্র ১৪ বছর বয়সে লিগ ক্যারিয়ার শুরু করেন মোনেম মুন্না। সিনিয়র ফুটবল ক্যারিয়ারের পুরোটাই খেলেছেন ঢাকা আবাহনীর হয়ে। হয়ে উঠেছিলেন দলটির পোস্টার বয়। দুর্দান্ত ফর্মে থাকা অবস্থায় কলকাতার ইস্ট বেঙ্গলে নাম লেখান বাংলাদেশ ফুটবলের গোল্ডেন বয় মুন্না। ১৯৯১ ও ১৯৯৩ সালে কলকাতা ইস্ট বেঙ্গলের হয়ে জয় করেন লিগ শিরোপা ও ফেডারেশন কাপ।

২০০৫ সালের ১২ ফেব্রুয়ারি সকাল ৬টায় মারা যান এ কীর্তিমান ফুটবলার।