তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে নিউজিল্যান্ড। আজ ওয়েলিংটনে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ২ উইকেটের জয় তুলে নেয় কিউইরা। স্বাগতিকরা জিতেছে ৩-০ ব্যবধানে।
আগে ব্যাটিংয়ে নেমে ২২২ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। জেমি ওভারটন ৬২ বলে ৬৮, জস বাটলার ৫৬ বলে ৩৬ ও ব্রাইডন কার্স ৩০ বলে ৩৬ রান করে। ব্লেয়ার টিঙ্কার ৬৪ রানে ৪টি ও জ্যাকব ডাফি ৫৬ রানে ৩টি উইকেট নেন। জবাবে কিউইরা ভালো সূচনার পরও একটি পর্যায়ে ১৯৬ রানে ৮ উইকেট হারিয়ে বসে। শেষ দিকে টিঙ্কার ও জ্যাক ফোকসের ব্যাটে ভর করে ৩২ বল বাকি থাকতে জয় তুলে নেয় স্বাগতিকরা। রাচিন রবীন্দ্র ৩৭ বলে ৪৬, ড্যারিল মিচেল ৬৮ বলে ৪৪, ডেভন কনওয়ে ৪৪ বলে ৩৪, মিচেল স্যান্টনার ২৯ বলে ২৭ ও টিঙ্কার ২০ বলে ১৮ রান করেন। ওভারটন ও স্যাম কারান ২টি করে উইকেট নেন।
অ্যাশেজের আগে মানসিকভাবে বড় ধাক্কাই খেল ইংল্যান্ড। তিন সপ্তাহের মধ্যে অ্যাশেজে মাঠে নামবে ইংলিশরা। অন্যদিকে, কিউইরা পূর্ণাঙ্গ হোম সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। এ সিরিজে রয়েছে পাঁচটি টি-টোয়েন্টি, তিনটি ওয়াডে ও তিনটি টেস্ট ম্যাচ। ৬ নভেম্বর টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে।










