আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। তিন পেসার ও দুই স্পিনার নিয়ে নামছে বাংলাদেশ। পার্টটাইম স্পিনার হিসেবে বল করতে পারেন সাইফ হাসানও। ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক হিসেবে খেলছেন মেহেদী হাসান মিরাজ। একাদশে আছেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশের হয়ে ওয়ানডে অভিষেক ঘটেছে সাইফ হাসান ও নুরুল হাসান সোহানের। অন্যদিকে, আফগান স্কোয়াডে অভিষেক ঘটেছে পেস বোলার রশিদ আহমাদের।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার পর এবার দলটির বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। আট মাস আগে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছে আফগানিস্তান। চ্যাম্পিয়নস ট্রফিতে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর ইংল্যান্ডকে হারিয়ে দেয় তারা। লাহোরে অস্ট্রেলিয়ার সঙ্গে শেষ ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়। চলতি বছর এ দুটি ওয়ানডেই খেলেছে আফগানরা। এ বছর বাংলাদেশ খেলেছে পাঁচটি ওয়ানডে, যার মধ্যে চারটিতেই হেরেছে তারা, জয় এসেছে একটি।
ওয়ানডেতে ১৯ বারের মুখোমুখিতে বাংলাদেশ ১১টি ও আফগানিস্তান ৮টি জিতেছে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, নুরুল হাসান, জাকের আলী (উইকেটকিপার), তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও তানভীর ইসলাম।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোতি, আল্লাহ গজনফর ও রশিদ আহমাদ।










