দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল। বুধবার ভারতের কাছে ৪১ রানে হেরে যাওয়ায় আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য রূপ নিয়েছে নকআউটে। দুই দলের পয়েন্ট সমান হওয়ায় আজ জিতলেই ফাইনালে উঠে যাবে বাংলাদেশ। জয়হীন অন্য কোনো ফল বাংলাদেশের বিদায়ঘন্টা বাজিয়ে দেবে।
বাংলাদেশ হারলে কিংবা ম্যাচটি পরিত্যক্ত হলেই ফাইনালে উঠে যাবে পাকিস্তান। নিট রানরেটে এগিয়ে থাকায় আজকের ম্যাচ শেষে দুই দলের পয়েন্ট সমান হলে শ্রেয়তর রানরেটের বিচারে ফাইনালে উঠে যাবে সালমান আগার দল।
২ ম্যাচ শেষে ২ পয়েন্ট পাওয়া পাকিস্তানের নিট রানরেট ০.২২৬। আর ভারতের কাছে ৪১ রানে হেরে যাওয়ায় বাংলাদেশ নিট রানরেটে বেশ পিছিয়ে পড়েছে। টাইগারদের নিট রানরেট -০.৯৬৯। টানা দুই ম্যাচেই হেরে যাওয়া শ্রীলংকার আর কোনো সুযোগ নেই। তারা শুক্রবার আনুষ্ঠানিকতার ম্যাচে ভারতের মুখোমুখি হবে।
বুধবার বাংলাদেশকে হারিয়ে সবার আগে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। তাদের সামনে নবম শিরোপার হাতছানি। সর্বোচ্চ আটবার এশিয়া কাপ জিতেছে ভারত। দ্বিতীয় সর্বোচ্চ ছয়বার শিরোপা জিতেছে শ্রীলংকা, পাকিস্তান জিতেছে দুবার।
রোববার দুবাইয়ে ১৭তম এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনাল।










