কলম্বোয় রোববার নারী ওয়ানডে বিশ্বকাপ ম্যাচে পাকিস্তানকে ২৪৮ রানের টার্গেট দেয় ভারত। আগে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ২৪৭ রান তুলে অলআউট হয়ে যায় হারমানপ্রিত কাউরের দল। জবাবে ১৫৯ রানে অলআউট হয়েছে পাকিস্তান। সিরদা আমিন ৮১ রানের ইনিংস খেলে দলের বড় পরাজয় এড়াতে পারেননি।
টস জিতে ভারতকে আড়াইশর মধ্যে আটকানোর পরিকল্পনার কথা জানিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা। কাজেই ভারতকে ২৪৭ রানে অলআউট করতে পেরে তার খুশি হওয়ারই কথা। তিনি নিজে দারুণ বোলিং করে ১০ ওভারে ৩৮ রান খরচায় নিয়েছেন ২টি উইকেট। ডায়ানা বেগ ছিলেন সবচেয়ে সফল বোলার (৪/৬৯)। এছাড়া সাদিয়া ইকবাল নেন ৪৭ রানে ২ উইকেট। স্পিনার রামিন শামিম ও নাশরা সান্ধু নেন ১টি করে উইকেট।
ভারতের হয়ে হারলিন দেওল সর্বোচ্চ ৪৬ রান করেন ৬৫ বলের মোকাবেলায়। এছাড়া রিচা ঘোষ ২০ বলে ৩৫, জেমিমা রদ্রিগেজ ৩৭ বলে ৩২, প্রতিকা রাওয়াল ৩৭ বলে ৩১, দীপ্তি শর্মা ৩৩ বলে ২৫ রান করেন।
ভারতকে আড়াইশর মধ্যে আটকালেও জিততে পারেনি পাকিস্তান। এর আগে ওয়ানডেতে ১১ বারের মোকাবেলায় কখনই ভারতকে তারা হারাতে পারেনি। এদিনও পারল না।
চলতি বিশ্বকাপে ভারত প্রথম ম্যাচে শ্রীলংকাকে হারায়, আর পাকিস্তান তাদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছে। এটা পাকিস্তানের দ্বিতীয় হার ও ভারতের দ্বিতীয় জয়।










