আজ থেকে ২৫ বছর আগের এই দিনে দশম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে বাংলাদেশের যাত্রা হয়। তৎকালীন বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে নিজেদের ইতিহাসে প্রথম টেস্টে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। সেই থেকে ২৫ বছরে মোট ১৫৪টি টেস্ট খেলে মাত্র ২৩টি জিতেছে বাংলাদেশ, হার ১১২টিতে, আর ড্র হয়েছে ১৯টি ম্যাচ।
অভিষেক টেস্টে প্রথমে ব্যাট করতে নেমেই চারশ রানের ভালো সংগ্রহ পেয়ে গেল বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল খেললেন ১৪৫ রানের দারুণ এক ইনিংস। হাবিবুল বাশার খেলেন ৭১ রানের ইনিংস। এরপর ভারতকে ৪২৯ রানে অলআউট করে দেন নাঈমুর রহমান, মোহাম্মদ রফিকরা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে ভরাডুবি ঘটে স্বাগতিক দলের। দুর্জয়ের দল অলআউট মাত্র ৯১ রানে। সফরকারী ভারত পায় মাত্র ৬৩ রানের টার্গেট। এ রান তাড়া করতে নেমে ৯ উইকেটের জয় তুলে নেয় সৌরভ গাঙ্গুলীর দল।
প্রথম টেস্টে সেই লড়াকু চেতনা পরে অনেকটাই ম্লান হয়ে পড়ে। উত্থান-পতনের মধ্য দিয়ে যায় টাইগাররা। ৩৫তম টেস্টে গিয়ে প্রথম জয়ের দেখা পায় তারা। ২০০৬ সালে চট্টগ্রামে সফরকারী জিম্বাবুয়েকে ২২৬ রানে হারিয়েছিল বাংলাদেশ।
এরপর আরো ২২টি জয় পেলেও তা ম্যাচের তুলনায় নগণ্যই। জিম্বাবুয়েকে ৯টি, ওয়েস্ট ইন্ডিজকে ৪টি, নিউজিল্যান্ডকে ২টি ও পাকিস্তানকে ২টি টেস্টে হারায় বাংলাদেশ। একবার করে জয় এসেছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও শ্রীলংকার বিপক্ষে। টেস্টে ভারত ও দক্ষিণ আফ্রিকাকে এখনো হারাতে পারেনি বাংলাদেশ।
এই ২৫ বছরে বাংলাদেশের হয়ে টেস্ট খেলেছেন মোট ১০৭ জন। সর্বশেষ এ বছর এপ্রিলে চট্টগ্রামে টেস্ট ক্যাপ পান পেস বোলার তানজিম হাসান সাকিব।










