দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের ম্যাচে শূন্য রানে আউট হওয়ায় রেকর্ডটা গড়া হয়নি বাবর আজমের। শুক্রবার লাহোরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের ৯ উইকেটের জয়ে ১১ রান করে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ রানের মালিক হয়েছেন।
১৩০ ম্যাচে ৪ হাজার ২৩৪ রান নিয়ে সবার শীর্ষে এখন বাবর আজম। তিনি পেছনে ফেলেছেন রোহিত শর্মা (৪২৩১) ও বিরাট কোহলিকে। (৪১৮৮)। চার হাজার রান আছে শুধু এ তিনজনেরই।
আগে ব্যাটিং করতে নেমে ১১০ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা। ফাহিম আশরাফ ২৩ রানে ৪টি, সালমান মির্জা ১৪ রানে ৩টি ও নাসিম শাহ ২৮ রানে ২টি উইকেট নেন। এ রান তাড়া করতে নেমে সাইম আইয়ুবের (৩৮ বলে ৭১*) ব্যাটে ভর করে ১৩.১ ওভারেই জয় তুলে নেয় পাকিস্তান। সাহিবজাদা ফারহান ২৩ বলে ২৮ ও বাবর ১৮ বলে ১১ রান করেন।
সিরিজে এখন ১-১-এ সমতা। শনিবার সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ।










