অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে ৩২ ম্যাচে কোনো জয় নেই পাকিস্তানের। ওয়ানডেতে ১৬ বারের মোকাবেলায় ১৬টি হার এবং টি-টোয়েন্টিতে ১৬ বারের মোকাবেলায় ১৪টি হার ও বাকি দুটি ম্যাচ ড্র হয়। পরাক্রমশালী অজিদের আজ কলম্বোয় বোলিংয়ে নাস্তানাবুদ করার সুযোগ এসেছিল পাকিস্তানি মেয়েদের সামনে। ফাতিমা সানাদের দারুণ বোলিংয়ের সামনে সাতবারের বিশ্বচ্যাম্পিয়নরা ৭৬ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে। এ সময় মনে হচ্ছিল একশ রানের আশেপাশে অলআউট হয়ে যাবে অ্যালিসা হিলির দল। যদিও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া তুলেছে ৯ উইকেটে ২২১ রান! জবাব দিতে নেমে পাকিস্তান ১১৪ রানে অলআউট। ভয়াবহ বিপর্যয় এড়ানোর পর অস্ট্রেলিয়া জিতল ১০৭ রানের বড় ব্যবধানে।

দারুণ এক সেঞ্চুরিতে বেথ মুনি অস্ট্রেলিয়াকে সম্মানজনক সংগ্রহ গড়ে দিয়েছেন। ১১৪ বলে ১০৯ রানের ইনিংস খেলেন তিনি ১১ বাউন্ডারিতে। এ পথে নবম উইকেটে অ্যালানা কিংকে নিয়ে ৯৭ বলে ১০৬ রানের জুটি গড়েন তিনি দলের সংগ্রহ দুশ পার করান। তিন ছক্কা ও তিন চারে ৪৯ বলে ৫১ রান করেছেন কিং। ওয়ানডেতে এটা বেথ মুনির পঞ্চম সেঞ্চুরি।

পাকিস্তানের নাসরা সান্ধু ৩৭ রানে ৩টি, রামিন শামীম ২৯ রানে ২টি ও ফাহিমা সানা ৪৯ রানে ২টি উইকেট নেন।

চলতি বিশ্বকাপে পাকিস্তান এ নিয়ে তিনটি ম্যাচে হারল। এর আগে বাংলাদেশ ও ভারতের কাছে হেরেছেন ফাতিমা সানারা। অন্যদিকে, প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে হারানোর পর শ্রীলংকার সঙ্গে অজিদের ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়। অজি নারীরা আজ ২ পয়েন্ট পেয়ে উঠে যায় টেবিলের শীর্ষে।

৮ দলের এ বিশ্বকাপে বৃহস্পতিবার ভারত-দক্ষিণ আফ্রিকা এবং শুক্রবার বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি হবে।