আম্মানে আজ ত্রিদেশীয় টুর্নামেন্টে স্বাগতিক জর্ডানের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দু দুবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত রোমাঞ্চকর ড্র করতে সমর্থ হয় লাল-সবুজ জার্সিধারী মেয়েরা।
ম্যাচের পঞ্চম মিনিটে গোল খেয়ে বসে বাংলাদেশ। ৪৩ মিনিটে শামসুন্নাহার জুনিয়রের গোলে সমতা আনে অতিথিরা। ৫৮ মিনিটে আবারো গোল হজম করে তারা। ৮২ মিনিটে কক্সবাজার থেকে উঠে আসা ফুটবলার শাহেদা আক্তার রিপার গোলে দ্বিতীয়বারের মতো সমতায় ফেরে বাংলাদেশ। এরপর আর গোল করতে পারেনি কোনো দলই।
এর আগে আম্মানে প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নদের জন্য এ দুটি ড্র যেন জয়ের সমান। কারণ, দুটি দেশই র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে রয়েছে। বাংলাদেশ যেখানে ১৩৩ নম্বরে সেখানে জর্ডান ৭৪ নম্বরে, আর ইন্দোনেশিয়া রয়েছে ৯৪ নম্বরে।










