আবুধাবিতে শনিবার রাতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ১৯১ রানের টার্গেট পেয়েও জিততে পারল না বাংলাদেশ। ঘূর্ণি জাদুকর রশিদ খান ৮.৩ ওভার বোলিং করে মাত্র ১৭ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে অলআউট করে দেন ১০৯ রানে। ছোট টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশ হারল ৮১ রানে এবং এর মধ্য দিয়ে সিরিজও হারল মেহেদী হাসান মিরাজের দল।
রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই তানজিদ হাসান তামিম শিকার হন আজমতুল্লাহ ওমরজাইয়ের। ব্যর্থতার বৃত্তেই থাকলেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি ৭ রান করে রানআউট হয়ে যান। স্বভাবসুলভ মারমুখী খেলতে গিয়ে ২২ রান করে আউট হয়েছেন সাইফ হাসান। এরপর ছিল কেবলই আসা-যাওয়া। সাইফের পর মিরাজও শিকার হন ওমরজাইয়ের।
বাংলাদেশ ইনিংসের শেষটা মুড়িয়েছেন রশিদ খান। তার ঘূর্ণির বলের যেন কোনো জবাব ছিল না বাংলাদেশের ব্যাটারদের কাছে। তাওহীদ হৃদয়কে (২৪ রান) দিয়ে শুরু। এরপর নুরুল হাসান, তানজিম হাসান, তানভীর ইসলাম ও রিশাদ হোসেন শিকার হন রশিদের ঘূর্ণি বলের। মাঝে নাঞ্জেয়ালিয়া খারোতি নেন জাকের আলীর উইকেট। রশিদ ছাড়াও ওমরজাই ২৭ রানে ৩টি ও খারোতি ২২ রানে ১টি উইকেট নেন।
এর আগে টস জিতে ব্যাটিং নেয়া আফগানরা দলীয় ১৮ রানে রহমানুল্লাহ গুরবাজ ও ৩৮ রানে সেদিকুল্লাহ আতালকে হারায়। পঞ্চম ওভারে গুরবাজকে ফেরান তানজিম হাসান সাকিব, আর নবম ওভারে স্পিনার তানভীর ইসলামের শিকার হয়েছেন আতাল। দলীয় ৬৫ রানের সময় রহমত শাহ চোট নিয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। এরপর নতুন আসা দুই ব্যাটার হাশমতউল্লাহ শহিদি (৪) ও আজমতুল্লাহ ওমরজাই (০) দ্রুতই ফিরে যান সাজঘরে। শহিদিকে বোল্ড করেন মিরাজ, আর রিশাদের বলে তানজিমকে ক্যাচ তুলে দেন আগের ম্যাচের সেরা খেলোয়াড় ওমরজাই।
অভিজ্ঞ মোহাম্মদ নবিকে (২২) বিদায় করেন সাকিব। তিনি কভারে ক্যাচ দেন মিরাজকে। জাদরানের সঙ্গে ৩৬ রানের জুটি গড়ে বাংলাদেশকে ভোগানো নাঞ্জেয়ালিয়া খারোতি (১৩) রানআউট হয়ে ফিরে যান। টেল-এন্ডার রশিদ খান মারমুখী ব্যাটিং করতে অভ্যস্ত। যদিও তাকে দাঁড়াতেই দেননি বাংলাদেশ দলনায়ক। মাত্র ১ রান করে কভার পয়েন্টে ক্যাচ দেন তানভীর ইসলামকে।
৭ উইকেট হারানোর পর আল্লাহ গজনফরকে নিয়ে নিজের সেঞ্চুরি ও দলের দুশর দিকে ছোটা ইব্রাহিম জাদরানকে সাজঘরে ফিরিয়েছেন মিরাজ। এরপর গজনফর ২২ রান করে রিশাদের শিকার হন। ৪৪.৫ ওভারশেষে আফগানদের সংগ্রহ ১৯০/৯। মিরাজ ৪২ রানে ৩টি, তানজিম ৩৫ রানে ২টি, রিশাদ ৩৭ রানে ২টি ও তানভীর ৩৫ রানে ১টি উইকেট নেন। যদিও ব্যাটিং ব্যর্থতায় বোলারদের দুর্দান্ত প্রচেষ্টা বিফলেই যায়।
এ নিয়ে টানা তিনটি ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হারাল আফগানিস্তান। ২০২৩ সালে বাংলাদেশের মাটিতে এবং ২০২৪ ও ২০২৫ সালে আরব আমিরাতে টানা দুটি সিরিজে বাংলাদেশকে হারাল তারা।
তিন ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে গেল আফগানরা। ফলে মঙ্গলবার একই সময়ে একই মাঠে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি এখন রূপ নিল কেবলই আনুষ্ঠানিকতায়।










