শারজায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ১৯ রানে হারিয়ে ইতিহাস গড়ল নেপাল। এই প্রথম টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ জিতল হিমালয় পাড়ের দেশটি। আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৪৮ রানের পুঁজি গড়ে নেপালিরা। জবাবে ক্যারিবীয়রা ৯ উইকেটে ১২৯ রান তুলতে সমর্থ হয়।

২০১৪ সালে আফগানিস্তানকে টি-টোয়েন্টি ম্যাচে হারিয়েছিল নেপাল, যদিও তখন আফগানিস্তান টেস্ট মর্যাদা পায়নি। সে হিসেবে এটাই টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে নেপালের প্রথম জয়। আইসিসির সহযোগী সদস্য দেশের কাছে টি-টোয়েন্টিতে এটা ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ হার।

অভিজ্ঞ জেসন হোল্ডার ২০ রানে ৪ উইকেট নেয়ার পরও নেপালিরা ১৪৮ রানের পুঁজি গড়ে। নাভিন বিদাইসি নেন ২৯ রানে ৩ উইকেট। অধিনায়ক রোহিত পাউডেল ৩৫ বলে ৩৮, কুশল মাল্লা ২১ বলে ৩০ ও গুলসান ঝা ১৬ বলে ২২ রান করেন। জবাবে ক্যারিবীয়রা ১৯ রানে হার মানে। বিদাইসি ২৫ বলে ২২ রান করেন।

একই মাঠে সোমবার দ্বিতীয় ও মঙ্গলবার তৃতীয় ম্যাচ। এর একটি জিতলেই ওয়েস্ট ইন্ডিজকে সিরিজের হারানোর গৌরবে ভাসবে নেপালিরা। এই প্রথম টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে সিরিজ খেলছে তারা।

এ জয়টি সম্প্রতি নেপালে জেন-জিদের অভ্যুত্থানে নিহতদের প্রতি উৎসর্গ করেছেন অধিনায়ক রোহিত। তিনি বলেন, ‘গত মাসটি আমাদের ভালো কাটেনি। কাজেই আমরা এ জয়ের মাধ্যমে দেশবাসীকে খানিকটা আনন্দ দিতে পেরেছি।’

সিরিজ জয়ের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘যখন আপনি কোনো সিরিজ খেলবেন, তখন তো জিততেই খেলবেন। আমরা আজ যেভাবে খেলেছি তাতে আমাদের সম্ভাবনা আছে। যদিও আমরা এখন পা মাটিতেই রাখতে চাই। আমরা প্রক্রিয়া ঠিক রেখে খেলতে চাই, এরপর দেখি সামনে কী আসে।’