ক্লাব বিশ্বকাপে হিসাব-নিকাশ সব পাল্টে গেল। আজ শুক্রবার সকালে ইউরোপসেরা দল প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) মাটিতে নামাল লাতিন চ্যাম্পিয়ন ব্রাজিলের বোটাফোগো। তারা জিতেছে ১-০ গোলে। তার আগে বৃহস্পতিবার রাতে লিওনেল মেসির ইন্টার মায়ামি জয়ে ফিরেছে। তারা হারিয়ে দিয়েছে পর্তুগালের দল এফসি পোর্তোকে। ওই ম্যাচে গোল করেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা করে পিএসজি। ফরাসি জায়ান্টরা পরের ম্যাচেই হোঁচট খেল। তাদের হারিয়েছে কোপা লিবার্তাদোরেস চ্যাম্পিয়ন বোটাফোগো। ইগর জেসুসের একমাত্র গোলে পিএসজিকে হারায় ব্রাজিলের দলটি। এটা তাদের দ্বিতীয় জয়। ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নদের এই প্রথম হারাল লাতিনের কোনো দল। এর আগে প্রথম ম্যাচে সিয়াটল সাউন্ডার্সকে ২-১ গোলে হারায় তারা। টানা দুই জয়ে তাদের শেষ ষোলোর টিকিট প্রায় নিশ্চিত। পিএসজি ও অ্যাটলেটিকোর সংগ্রহ সমান ৩ করে। সিয়াটলের শূন্য। ২৩ জুন বোটাফোগোর মুখোমুখি হবে দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো, পিএসজির প্রতিপক্ষ সিয়াটল।

AP25170750443677

এদিকে, ‘এ’ গ্রুপ থেকে শেষ ষোলোয় ওঠার দারুণ সম্ভাবনা জাগিয়েছে মেসিদের ইন্টার মায়ামি। প্রথম ম্যাচে আল আহলির সঙ্গে ড্র করলেও পরের ম্যাচে পোর্তোকে হারিয়ে দিল স্বাগতিক দলটি। ম্যাচের ৮ মিনিটের সময় গোল হজম করা ইন্টার মায়ামি ৪৭ মিনিটে হোসে সেগোভিয়ার গোলে সমতায় ফেরে। ৫৪ মিনিটে মেসির জাদুকরি গোলে এগিয়ে যায় হাভিয়ের মাশচেরানোর দল। ডি-বক্সের একটু বাইরে তাকে ফাউল করেন পর্তুগিজ মিডফিল্ডার রদ্রিগো মোরা। এরপর দুর্দান্ত ফ্রি কিকে ডানদিকের ওপরের কোণা দিয়ে বল জালে পাঠান আর্জেন্টাইন তারকা।

২ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পালমেইরাস, যারা ২-০ গোলে হারিয়েছে আল আহলিকে। ইন্টারেরও সমান ৪ পয়েন্ট। ২৩ জুন পালমেইরাসের কাছে না হারলেই শেষ ষোলোর টিকিট পাবেন মেসিরা। হারলেও তাদের শেষ ষোলোয় ওঠার সম্ভাবনা থাকবে।