নারী বিশ্বকাপে আজ বাংলাদেশকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বিশাখাপত্নমে এ ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। ফারজানা হক পিংকি, রুবাইয়া আক্তার ও শারমিন আক্তারের উইকেট দ্রুতই হারায় বাংলাদেশ। ১৫৩ রানে সপ্তম উইকেটের পতন হলেও সোবহানা মোস্তারির দৃঢ়তায় ৯ উইকেটে ১৯৮ রান সংগ্রহ করতে সমর্থ হয় বাংলাদেশ। ৮০ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন তিনি। যদিও এ রান নিয়ে কোনো প্রতিরোধই গড়তে পারল না নিগার সুলতানার দল। অজি নারীরা ১৫১ বল বাকি থাকতে ১০ উইকেটের জয় নিশ্চিত করে।

অধিনায়ক অ্যালিসা হিলি ৭৭ বলে ১১৩ ও ফোবে লিচফিল্ড ৭২ বলে ৮৪ রান করে অপরাজিত থেকে দলকে জেতান। বিশাল এ জয়ে সবার আগে সেমিফাইনালে নাম লেখাল অজিরা।

পাকিস্তানকে হারিয়ে শুভসূচনা করা বাংলাদেশের মেয়েরা পরে হেরেছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে। এর মধ্যে নিউজিল্যান্ডের কাছে ১০০ রানের ব্যবধানে হারলেও ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মেয়েদের সঙ্গে দুর্দান্ত লড়াই করে নিগার সুলতানার দল। প্রোটিয়াদের সঙ্গে জিততে জিততেও শেষ পর্যন্ত হেরে কেঁদেছেন স্বর্ণা আক্তার, সুমাইয়া আক্তারের মতো তরুণী খেলোয়াড়রা। সেই শোক কাটিয়ে উঠে আজ পরাশক্তি অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়ে আরো কঠিন পরীক্ষা দিলেন নিগার ও তার সতীর্থরা।

অস্ট্রেলিয়া এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে হারেনি। ৪ জয় তুলে নিয়েছে অ্যালিসা হিলির দল, একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। সর্বশেষ ভারতের বিপক্ষে ৩৩১ রান তাড়া করে ৩ উইকেটে জিতেছে অজি নারীরা। হিলি ১০৭ বলে ১৪২ রানের অনবদ্য ইনিংস খেলেন। আজ করলেন আরেক ক্ল্যাসিক সেঞ্চুরি।

এটা বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ আসর। এর আগে ২০২২ সালে প্রথমবার অংশগ্রহণ করে শুধু পাকিস্তানকে হারিয়েছিল তারা। এবারও এখন পর্যন্ত জয় এসেছে শুধু পাকিস্তানের সঙ্গে।

এদিকে, বুধবার রাতে কলম্বোয় ইংল্যান্ডকে হারানোর সুযোগ এলেও বৃষ্টির বাধা তা পারেনি পাকিস্তান। ৩১ ওভারে নেমে আসা ম্যাচে ৯ উইকেটে ১৩৩ রান তুলেছিল ইংল্যান্ড। জবাবে পাকিস্তান ৬.৪ ওভারে বিনা উইকেটে ৩৪ রান তোলার পর বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত হয়। তার আগের দিন শ্রীলংকা ও নিউজিল্যান্ডের ম্যাচও বৃষ্টিতে পরিত্যক্ত হয়। বৃষ্টিতে খেলা পণ্ড হওয়ার আগে ৬ উইকেটে ২৫৮ রান তুলেছিল শ্রীলংকা।

৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অস্ট্রেলিয়া, ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তার পরেই ইংল্যান্ড। এরপরে দক্ষিণ আফ্রিকা (৬), ভারত (৪), নিউজিল্যান্ড (৩), বাংলাদেশ (২), শ্রীলংকা (২) ও পাকিস্তান (১)।