সংযুক্ত আরব আমিরাতে সদ্যই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। সেই ক্ষত না শুকাতেই শনিবার (১৮ অক্টোবর) সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামছে মেহেদী হাসান মিরাজের দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শনিবার বেলা দেড়টায় শুরু হবে প্রথম ওয়ানডে ম্যাচ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের রেকর্ড ঈর্ষণীয়ই। ৪৭ বারের মোকাবেলায় জয় প্রায় সমানে সমান। ক্যারিবীয়রা জিতেছে ২৪টি, বাংলাদেশের জয় ২১টি। টি-টোয়েন্টিতেও দুই দল প্রায় সমানে সমান। ১৯ বারের মোকাবেলায় ওয়েস্ট ইন্ডিজ ৯টি ও বাংলাদেশ ৮টি জিতেছে, দুটি ম্যাচ ছিল ফলহীন।

২০২১ সালের জানুয়ারিতে বাংলাদেশ সফরে এসে ওয়ানডে সিরিজে ৩-০তে হোয়াইটওয়াশ হয় ক্যারিবয়ীরা। সাড়ে চার বছর পর আবারও বাংলাদেশে এসেছে ক্যারিবীয়রা। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই মিরপুরে। বাকি দুটি ওয়ানডে যথাক্রমে ২১ ও ২৩ অক্টোবর। এরপর ২৭ অক্টোবর থেকে চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে ক্যারিবীয় ও টাইগার বাহিনী।

এখন পর্যন্ত ১২টি ওয়ানডে সিরিজ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। উভয় দল সমান ছয়বার করে সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে।

আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার সামনে ওয়েস্ট ইন্ডিজ। আজ শুক্রবার মিরপুরে সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্নের মুখে বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স বললেন, ‘কোনো সংস্করণ খেলতে ভুলে যাওয়ার ব্যাপার এটি নয়। স্রেফ একটি বাজে সিরিজ গিয়েছে আমাদের, যেখানে আমরা ভালো জুটি গড়তে পারিনি, বিশেষ করে মাঝের ওভারগুলোয়। শুরুতে জুটি হয়েছে, মিডল অর্ডার ভেঙে পড়েছে। শ্রীলঙ্কায়্রও (আগের সফরে) কিছুটা দেখেছি আমরা, সহজেই এগিয়ে যাচ্ছিলাম আমরা। এরপর একটি রান আউট এবং দ্রুতই আমরা ছয় উইকেট হারিয়ে ফেলি। ব্যাপারটি তাই এটি উপলব্ধি করার যে, মাঝের সময়টায় আমাদের জুটি গড়তে হবে এবং ছেলেরা এখানেই কাজ করার চেষ্টা করছে যতটা সম্ভব। একটি বাজে সিরিজ আমাদের গিয়েছে এবং মানছি যে, ব্যাটাসম্যানরা খারাপ করেছে। তবে শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে আমাদের।’

এটি ছিল বাংলাদেশের টানা চতুর্থ ওয়ানডে সিরিজ হার। আফগানিস্তানের কাছে দুবার এবং শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজের কাছে একটি সিরিজে হেরেছে টাইগাররা। সবশেষ আট সিরিজে জয় আছে কেবল একটিতে।

এদিকে, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের দিকে তাকিয়েই সিরিজটি জিততে চান ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি। তিনি বলেন, ‘বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেয়ার অভিযানে আছি আমরা এবং দলের মনোযোগ এখন সেদিকেই। সরাসরি খেলার জন্য এই পয়েন্টগুলো পেতে চাই আমরা। বাংলাদেশের বিপক্ষে সবশেষ যে ওয়ানডে সিরিজটি আমরা খেলেছি, তা ছিল আমাদের জন্য সফল। যদিও আমরা জানি, তারা এমন এক দল, যাদের বিপক্ষে তাদের মাঠে খেলা অনেক কঠিন। আমার দলের ছেলেরা এবং আমি নিশ্চিত, অধিনায়কও বলবে, জিততে হলে ভালো ক্রিকেট খেলতে হবে আমাদের।’