লা লিগার শিরোপা নির্ধারণে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আজ রোববার প্রথমার্ধেই ৫ গোলের থ্রিলার লিখলেন দুই দলের খেলোয়াড়রা। দুই গোলে পিছিয়ে পড়ার পরও শেষ পর্যন্ত ৪-২ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বার্সা!
বার্সার মাঠে কাতালানদের কাঁপিয়ে দিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। পঞ্চম মিনিটে প্রথমটি ও ১৪ মিনিটে দ্বিতীয় গোল করেন ফরাসি সুপারস্টার। এরপর বার্সার দুর্দান্ত ফেরা। ২৬ মিনিটের মধ্যে প্রতিপক্ষের জালে চার গোল দিয়েছেন হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ১৯ মিনিটে এরিক গার্সিয়া ব্যবধান কমানোর পর ৩২ মিনিটে সমতা আনেন কিশোর লামিনে ইয়ামাল। এরপর ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়ার জোড়া গোল। ৩৪ মিনিটে ব্যবধান ৩-২ করার পর ৪৫ মিনিটে করেন আরেক গোল (৪-২)।
১০৩ বছর পর এল ক্ল্যাসিকোতে প্রথম ৩৫ মিনিটের মধ্যে ৫ গোল হলো। ১৯২২ সালের ২১ মার্চ এল ক্ল্যাসিকোতে সর্বশেষ ৫ গোল হয়েছিল। ১২৩ বছরের মধ্যে এই প্রথম এল ক্ল্যাসিকোয় কোনো দল প্রথমার্ধে দুই গোলে এগিয়ে গিয়েও হার নিয়ে বিরতিতে যায়।
৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা, সমান ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। বার্সা জিতলে শিরোপা প্রায় নিশ্চিত হয়ে যাবে, আর রিয়াল জিতলে শিরোপার বড় দাবিদার হয়ে উঠবে।










