সদ্যই এশিয়া কাপের সুপার ফোরে খেলা বাংলাদেশ দল এবার সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তানের সঙ্গে। আজ প্রথম টি-টোয়েন্টি। শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

এশিয়া কাপের সুপার ফোরে শ্রীংলকাকে হারালেও পরে টানা দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ। তাতে ফাইনালে খেলার সুযোগ হারায় টাইগাররা। চোটের কারণে শেষ দুটি ম্যাচে খেলতে পারেননি অধিনায়ক লিটন দাস। তার অনুপস্থিতিতে ওই দুই ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন জাকের আলী। আফগানিস্তান সিরিজেও লিটন না থাকায় জাকেরই পেয়েছেন নেতৃত্ব ভার। আজ রাতে তিনিই রশিদ খানের সঙ্গে টস করতে নামছেন।

এশিয়া কাপের দলে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। লিটনের জায়গায় সৌম্য সরকারকে ডাকা হয়েছে।

এশিয়া কাপে আফগানিস্তানকে হারিয়ে আসায় বাড়তি আত্মবিশ্বাস পাবে বাংলাদেশ। আবুধাবিতে আফগানদের ৮ রানে হারায় টাইগাররা। ৪ ওভার বোলিং করে ১১ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন নাসুম আহমেদ।

এরপরও টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে রয়েছে আফগানিস্তান। এখন পর্যন্ত ১৩ ম্যাচের মধ্যে আফগানরা ৭টি ও বাংলাদেশ ৬টি জয় পেয়েছে।

শারজায় শুক্রবার দ্বিতীয় ও রোববার তৃতীয় ওয়ানডে। এরপর আবুধাবিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুটি দল।