এশিয়া কাপ টি-টোয়েন্টিতে চতুর্থবারের মতো ফাইনাল খেলার স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। বৃহস্পতিবার রাতে দুবাইয়ে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে ১৩৫ রানে আটকে দিলেও জিততে পারেনি বাংলাদেশ। প্রথম ওভার থেকে নিয়মিত উইকেট হারাতে থাকে জাকের আলীর দল। অলআউট না হলেও নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৪ রান তুলতে সমর্থ হয়।
২০১২, ২০১৪ ও ২০১৮ সালে তিনবার এশিয়া কাপ ফাইনাল খেলে বাংলাদেশ। চতুর্থবার ফাইনাল হতাছানি দিলেও অল্পের জন্য স্বপ্নভঙ্গ হলো। ১১ রানের এ জয়ে ফাইনালে উঠে গেল পাকিস্তান। রোববার দুবাইয়ে ভারত-পাকিস্তান ফাইনাল। এ নিয়ে চলতি আসরে তৃতীয়বারের মতো মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল।
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে গতকাল সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। আগে বোলিং নেয়া টাইগাররা শুরু থেকেই অসাধারণ পারফর্ম করে পাকিস্তানকে কোনঠাসা করে রাখে ম্যাচের বেশিরভাগ সময়। তাসকিন আহমেদ, শেখ মেহেদী হাসানকে সাঁড়াশি আক্রমণের মুখে একটি পর্যায়ে ৪৯ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান। শেষ দিকে টেল-এন্ডের লড়াইয়ে ৮ উইকেটে ১৩৫ রান তুলতে সমর্থ হয় সালমান আগার দল। জবাবে জয়ের দারুণ সুযোগ থাকলেও তা হেলায় হারাল বাংলাদেশ।
বুধবার বাংলাদেশকে হারিয়ে সবার আগে ফাইনালে জায়গা করে নেয় ভারত। তাদের সামনে এবার নবম শিরোপার হাতছানি। দ্বিতীয় সর্বোচ্চ ছয়বার শিরোপা জিতেছে শ্রীলংকা, পাকিস্তান জিতেছে দুবার।










